বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল্যান্ডকে হারালো বাংলাদেশ 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে টানা চতুর্থ ম্যাচ জিতেছে বাংলাদেশ। কাঠমাণ্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার (২৪ জানুয়ারি) আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়েছে নিগার সুলতানা জোতির দল।

টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নিগার সুলতানার দল ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে । তবে, ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি। ১১ রান করে দলীয় মাত্র ১৩ রানে সাজঘরে ফেরেন ওপেনার জুরাইয়া ফেরদৌস। দ্বিতীয় উইকেট জুটিতে ৭০ রান তুলে দিলারা আক্তার ও শারমিন আক্তার বিপর্যয় কাটিয়ে উঠেন। ওপেনার দিলারা ২৭ বলে ৩৫ রান করে আউট হন। শারমিন ৪৫ বলে ৫২ রান করেন। বিশ্বকাপ বাছাইয়ে এটি তার দ্বিতীয় ফিফটি। অধিনায়ক নিগার সুলতানা করেন ১৩ বলে ১৩ রান। শেষ দিকে ১৬ বলে ৩০ রানের  ইনিংস খেলে দলের সংগ্রহ আরও বাড়ান সোবহানা মোস্তারি। 

জবাবে আয়ারল্যান্ডের মেয়েরা ২০ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানে থেমে যায় । 

১৫৪ রানের লক্ষ্যে আইরিশদের শুরুটা হয়েছিল ভালোই। ১০ দশমিক ৪ ওভারে ৭১ রান তোলার পর দলটি হারায় প্রথম উইকেট। হান্টারের বদলে মাঠে নামা ওরলা প্রেন্ডারগাস্ট ১২ রানে আউট হন। অধিনায়ক ও ওপেনার গ্যাবি লুইস ৫৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একপর্যায়ে তারা হিসাব মেলাতে পারেনি। শেষ ৪ ওভারে দলটির দরকার ছিল ৪৩ রান। হাতে ছিল ৮ উইকেট। তবে ১৪৪ এ এসে থেমে যায় আইরিশদের রানের চাকা।