বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের সভার আগেই পদত্যাগ করেন তিনি। পদত্যাগের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তারই ব্যক্তিগত সচিব শোভন।
এদিকে, অন্য একটি সংবাদ মাধ্যমকে পদত্যাগের কারণ হিসেবে ইশতিয়াক সাদেক বলেছেন , “আমি আসলে পদত্যাগ করেছি, কারণ আমার মনে হচ্ছে আমি গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো এত বড় দায়িত্বে থেকেও ঠিক মতো সময় দিতে পারছি না। এটার জন্য আমি নিজের কাছে নিজেই অনুতপ্ত।”
পরবর্তীতে যিনি দায়িত্ব নেবেন, তিনি এই বিভাগকে এগিয়ে নেবেন বলেও বিশ্বাস করেন ইশতিয়াক সাদেকের। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, আমার জায়গায় যে আসবে সে যথেষ্ট সময় দিয়ে এই বিভাগকে এগিয়ে নেবে।”
বোর্ডের সঙ্গে কোনও সমস্যা কিংবা কোনও পরিচালকের সঙ্গে সমস্যা হলো কি না এমন প্রশ্নে তিনি বলেন, “অবশ্যই না, বোর্ডের কারোর সঙ্গে কোনও সমস্যা নেই, সবার সঙ্গে ভালো সম্পর্ক। আমি নিজের জায়গা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।”
এর আগে পরিচালক নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এছাড়া ফিক্সিং কাণ্ডে মোখলেসুর রহমান অব্যাহতি নিয়েছেন।