টি–টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হতে যাচ্ছে সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার শেহান জয়াসুরিয়ার। শুক্রবার ঘোষিত যুক্তরাষ্ট্রের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি।
৩৪ বছর বয়সী অলরাউন্ডার জয়াসুরিয়া শ্রীলঙ্কার হয়ে ১২টি ওয়ানডে ও ১৮টি টি–টোয়েন্টি খেলেছেন। ২০১৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপেও লঙ্কানদের প্রতিনিধিত্ব করেছেন তিনি। পরে ২০২১ সালে দক্ষিণ এশিয়ার দেশটির হয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।
বাঁহাতি ব্যাটসম্যান ও ডানহাতি স্পিনার জয়াসুরিয়া পরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে গিয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি–টোয়েন্টি লিগে খেলেছেন। যার মধ্যে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটও অন্যতম।
এদিকে, পাকিস্তানে জন্ম নেওয়া মোহাম্মদ মহসিনও যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। এছাড়া সাবেক ভারতীয় ক্রিকেটার বসন্ত রঞ্জনের নাতি শুভম রঞ্জনও জায়গা পেয়েছেন দলটিতে।
২০২৪ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠেছিল যুক্তরাষ্ট্র। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়া দলটি এবারের আসরে ৭ ফেব্রুয়ারি গ্রুপ ‘এ’-তে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের।
যুক্তরাষ্ট্রের স্কোয়াড:
মনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), জসদীপ সিং, আন্দ্রিস গাউস, শেহান জয়াসুরিয়া, মিলিন্দ কুমার, শায়ান জাহাঙ্গীর, সাইতেজা মুক্কামালা, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হারমিত সিং, নোস্তুশ কেনিজে, শ্যাডলি ফন স্কালকভাইক, সৌরভ নেত্রাভালকার, আলি খান, মোহাম্মদ মহসিন, শুবম রঞ্জন।