বোর্ড সভার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর থেকেই চলছে আলোচনা। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আবার দাবি করে বসেছে, এই প্রেক্ষাপটে করণীয় ঠিক করতে জরুরি সভাও ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে আইসিসি কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে—এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে। তবে এ বিষয়ে আলোচনা করতে আইসিসি কোনও বোর্ড সভা ডাকবে কিনা বা এই সংক্রান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এমন তথ্যই জানিয়েছে ক্রিকইনফো। 

সাধারণত শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা হয় আইসিসির বোর্ড সভায়। এই বোর্ডে ১২টি পূর্ণ সদস্য দেশের বোর্ডের প্রতিনিধির পাশাপাশি সহযোগী সদস্যদের তিনজন প্রতিনিধি এবং আইসিসির চেয়ারম্যান থাকেন। কিন্তু পিসিবি ইঙ্গিত দিয়েছে, বয়কটের সিদ্ধান্ত এবং এর পেছনে সরকারের কারণ লিখিতভাবে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানোর সম্ভাবনা কম। এমন অবস্থায় এখনও কোনও জরুরি বোর্ড সভার বিষয়ে সদস্যদের অবহিত করেনি আইসিসি। ফলে সব কিছু এখনও জল্পনা-কল্পনার পর্যায়েই রয়েছে।