বিগ ব্যাশ থেকে ফিরে ৩ উইকেট নিয়ে যা বললেন রিশাদ

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সেখান থেকে ফিরেই মিরপুরে অদম্য টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ম্যাচ খেলেছেন তিনি। দুরন্ত একাদশের বিপক্ষে ধূমকেতুর হয়ে ৩ উইকেট নিয়েছেন এই স্পিনার। খেলা শেষের পর সংবাদ সম্মেলনে এসে বিগ ব্যাশ নিয়ে কথা বলেছেন তিনি।

রিশাদের মতে, “ওরা অনেক বিনয়ী। যত বড় ক্রিকেটার হোক না কেন, ওরা অনেক সরল। যে কারও সঙ্গে আরামসে মানিয়ে নেয়। আমার কাছে এটা ভালো লেগেছে যে বড়–ছোট কোনও কিছু দেখে না। আমি চেষ্টা করবো এ রকম থাকতে।”

অস্ট্রেলিয়ায় স্মিথ ও পন্টিংয়ের সঙ্গে ছবি তুলে তা আপলোড করেছিলেন রিশাদ। সেটার গল্প বলতে গিয়ে এই লেগ স্পিনার জানালেন, “আসলে ছবি আমিও তুলতে চাইনি। আমি বোলিং করছিলাম, ওনারা ডেকে বললেন এদিকে এসো। তারা অনেক অনেক বন্ধুভাবাপন্ন, অনেক অনেক কিছু ওদের কাছে শেখার আছে। চেষ্টা করেছি কথা বলার, শেখার।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার হতাশা কাজ করছে অনেকেরে মনে। রিশাদের হতাশা আছে কি না জানতে চাওয়া হলে সাংবাদিকদের কাছেই রিশাদ তখন জানতে চান, “আপনাদের করছে না?”। উত্তরটা ‘হ্যাঁ’ আসার পর রিশাদ বলেন, “আমারও সেম।”

বিগ ব্যাশে রিশাদের কাছে নাকি বাংলাদেশি ক্রিকেটারদের নিয়েও প্রশ্ন করা হয়েছিল। তিনি জানালেন, “ওরা জিজ্ঞেস করছিল বাংলাদেশের তো অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, ওরা বাইরে খেলে না কেন। আমি বলেছি, সুযোগ এলে অবশ্যই খেলবে।”