পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও হার দেখেছিল নেদারল্যান্ডস। সেই দুঃখ ভুলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে মাঠ ছেড়েছে তারা। নামিবিয়াকে ১২ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে। ব্যাট ও বল হাতে প্রথম জয় এনে দিতে মূল অবদান ছিল বাস ডি লিডের।
দিল্লিতে ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় অলরাউন্ডার বাস ডি লিড অপরাজিত ৭২ রানের বিস্ফোরক ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার ৪৮ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছয়। এর আগে বল হাতে নামিবিয়ার দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে আউট করেন তিনি। জয়ের পথে তাকে সঙ্গ দেন মাইকেল লেভিট (২৮), কলিন অ্যাকারম্যান (৩২) ও স্কট অ্যাডওয়ার্ডস (১৮*)। টি–টোয়েন্টি বিশ্বকাপে এটি নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় জয়।
টস হেরে ব্যাট করতে নেমে নামিবিয়ার শুরুটা খারাপ ছিল না। ১০ রানে প্রথম উইকেট হারালেও ৯ ওভারে তাদের সংগ্রহ ছিল এক উইকেটে ৬০ রান। তবে ইয়ান ফ্রাইলিঙ্ক (২৬ বলে ৩০) আউট হতেই ঘটে ছন্দপতন। এরপর বাস ডি লিডের আঘাতে ফেরেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস (১৮) ও জেজে স্মিট (২২)। নিকোল লফটি-ইটন ৩৮ বলে ৪২ রান করলেও তাকে থামান ফন বিক। তার পর ৮ উইকেটে ১৫৬ রানের বেশি তুলতে পারেনি নামিবিয়া।
১৩ রানে ২টি উইকেট নেন লোগান ফন বিক। ২০ রানে দুটি নেন বাস ডি লিডও।