অদ্ভুত রানআউটের পর মেজাজ হারিয়েছিলেন আগা (ভিডিও)

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে অদ্ভুতভাবে রানআউট হয়েছেন পাকিস্তানের ব্যাটার সালমান আলী আগা।

ঘটনাটি ঘটে ইনিংসের ৩৯তম ওভারে। মেহেদী হাসান মিরাজের বলে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বলটি নন-স্ট্রাইকার প্রান্তে থাকা সালমান আলীর দিকে ঠেলে দেন। মিরাজ যখন বলটি পা দিয়ে আটকে সেটি তুলতে যান, তখন সালমানও বলটি তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পাকিস্তানের এই ব্যাটার সে সময় ক্রিজের বেশ বাইরে অবস্থান করছিলেন। শেষ পর্যন্ত বলটি আগেভাগে কুড়িয়ে নেন মিরাজ। দ্রুত ঘুরে আন্ডারআর্ম থ্রোয়ে সরাসরি স্টাম্পে আঘাত করেন তিনি। সঙ্গে সঙ্গেই সালমানের রান আউটের জোরালো আবেদন করেন। অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হলে হতাশায় দুই হাত তুলে প্রতিক্রিয়া জানান আগা।

রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা আউটের সিদ্ধান্ত দেন। তিনি জানান, উইকেট ভাঙার সময় ব্যাটসম্যান ক্রিজের বাইরে ছিলেন।

৬২ বলে ৬৪ রান করে আউট হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে মাঠ ছাড়েন আগা। কিছু ইঙ্গিতও করছিলেন তিনি। এ সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন রিজওয়ান। কারণ বাংলাদেশের ফিল্ডাররাও তখনকার উত্তেজনায় আগার দিকে এগিয়ে যাচ্ছিলেন। 

আগার সেই রান আউটে ভেঙে যায় রিজওয়ানের সঙ্গে তার ১০৯ রানের চতুর্থ উইকেট জুটি। এর মাত্র দুই বল পর ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে আউট হন রিজওয়ানও। তখন হাফসেঞ্চুরি থেকে ছয় রান দূরে ছিলেন।

এর আগে ১০৩ রানের উদ্বোধনী জুটির পর ১৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। সেখান থেকে আগা ও রিজওয়ান দলকে সামাল দিলেও আগার আউটের পর ধস নামে পাকিস্তানের ইনিংসে। ৩ উইকেটে ২৩১ রান থেকে শেষ পর্যন্ত ৪৩ রানে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রানে অলআউট হয় তারা।