আগে থেকে অনুমেয় ছিল বিসিবির প্রধান নির্বাচক হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আজ সোমবার (২৩ মার্চ) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তা নিশ্চিত করেছে। এছাড়া বাশারের সহকারী হিসেবে আছেন নাদিফ চৌধুরী এবং নাঈম ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৩ বছর বয়সী বাশারের নির্বাচক হিসেবে আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দল ও নারী দলের নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে ছিলেন দেশের অন্যতম সেরা ব্যাটার। বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে তিন হাজার রান করার কৃতিত্বও তার।
প্যানেলে নতুন যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। প্রায় দুই দশকের ক্যারিয়ারে নাঈম ইসলাম সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারের বেশি রান করেছেন। দেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরি করেছেন তিনি।
নাদিফ চৌধুরীও অভিজ্ঞ ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি। অবসরের পর বয়সভিত্তিক নির্বাচক হিসেবে কাজ করেছেন এবং তরুণ প্রতিভা খুঁজে বের করার সঙ্গে যুক্ত ছিলেন।
নতুন এ নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওই আসরের জন্য দল গঠনের দায়িত্বও থাকবে তাদের ওপর।