মোস্তাফিজ আঁটসাঁট বোলিং করলেও হেরেছে লাহোর

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও নিয়ন্ত্রিত বোলিংয়ে অবদান রাখার চেষ্টা করেছেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২০ রানে একটি উইকেটও নিয়েছেন তিনি। কিন্তু শেষ দিকে বলের কন্ডিশন পাল্টানোর কারণে ৫ রানের পেনাল্টিতে কপাল পুড়েছে তার দল লাহোর কালান্দার্সের। তাতে শেষ ওভারে ৯ রানের সমীকরণ মিলিয়ে ৪ উইকেটে ম্যাচ জিতেছে করাচি কিংস।

টস জিতে খুব বেশি বড় সংগ্রহ গড়তে পারেনি মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেনদের দল। ৯ উইকেটে করেছে ১২৮ রান। বাংলাদেশের ব্যাটার পারভেজ এদিনও ব্যাট হাতে তেমন ভূমিকা রাখতে পারেননি। ১২ বলে ১২ রানে আউট হয়েছেন। সর্বোচ্চ স্কোর বলতে আব্দুল্লাহ শফিকের ২৪ বলে ৩৩, হাসিবুল্লাহ খানের ৩০ বলে ২৮ ও সিকান্দার রাজার ২১ বলে ১৯ রান। 

করাচির হয়ে দুটি করে উইকেট নেন মঈন আলী, মির হামজা ও অ্যাডাম জাম্পা। 

জবাবে ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় করাচি। অবশ্য শেষ দিকে পরিস্থিতি এমন ছিল যে ম্যাচটা লাহোরের নিয়ন্ত্রণে ছিল। ১২ বলে করাচির জয়ের জন্য প্রয়োজন ছিল ২৩ রান। ১৯তম ওভারে মোস্তাফিজ বাউন্ডারি হজম করে ৯ রান দেন। কিন্তু বলের কন্ডিশন পরিবর্তনে এই নিয়ন্ত্রিত বোলিংও ভেস্তে গেছে। ম্যাচের ভাগ্য বদলাতে সময় লাগেনি। ৫ রানের পেনাল্টিতে ৬ বলে করাচির জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ৯ রান। শেষ ওভারে হারিস রউফ শুরুতে একটি উইকেট পেলেও ওই ওভারে একটি চার ও ছক্কা মেরে জয়ের বন্দরে দলকে নিয়ে যান আব্বাস আফ্রিদি। 

করাচির ইনিংসে সর্বোচ্চ ৩৭ বলে ৩৮ রান করেন মোহাম্মদ ওয়াসিম। এছাড়া শেষ দিকে ১২ বলে ১৪ রানে অপরাজিত থাকেন আজম খান। আব্বাস আফ্রিদি ২ বলে ১০ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ে অবদান রাখেন। 

লাহোরের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক শাহীন আফ্রিদি। ১৮ রানে ৪ উইকেট নেন তিনি। একটি করে নেন হারিস রউফ ও মোস্তাফিজুর রহমান।