প্রিমিয়ার ক্রিকেট লিগ হচ্ছে না। বর্তমান বোর্ডের অনিয়মের অভিযোগে ক্লাবগুলো লিগ থেকে দূরে সরে রয়েছে। লিগ বন্ধ থাকায় ক্লাবগুলোর অবস্থা মানবেতর হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ইমরুল কায়েস ক্ষোভ প্রকাশ করেছেন।
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ট্রেলিয়া প্রবাসী এই ক্রিকেটার লিখেছেন, ‘বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিস্থিতি দেখে আর চুপ থাকা সম্ভব হলো না। যা হচ্ছে, তা প্রতিটি ক্রিকেটপ্রেমীর জন্য অত্যন্ত হতাশাজনক। আমাদের ক্রিকেটের অভিভাবকরা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ হয়ে গেছেন?’
তিনি লিখেছেন, ‘আপনাদের জেদ আর রেষারেষির কারণে দিনের পর দিন লিগ বন্ধ হয়ে আছে। একবারও কি ভেবে দেখেছেন সেই সব ঘরোয়া ক্রিকেটারদের কথা, যারা শুধুই এই লিগগুলোর ওপর নির্ভর করে বেঁচে থাকে? অনেকের সংসার আজ চলা দায় হয়ে পড়েছে, অথচ কারও সেদিকে ভ্রুক্ষেপ নেই।’
এরপর নিজের বক্তব্যে তিনি বলেন, ‘‘সবাই সবসময় শুধু জাতীয় দল নিয়ে চিন্তিত থাকেন, কিন্তু ক্রিকেট মানেই কেবল জাতীয় দল নয়। জাতীয় দলের পাশাপাশি আমাদের সামগ্রিক ক্রিকেট কাঠামো নিয়েও ভাবা এখন সময়ের দাবি। আপনারা যদি নিজেদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ক্রিকেটটাই বন্ধ করে দেন, তবে মুখে ‘ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছি’ বলাটা কি হাস্যকর নয়? ক্রিকেট কোনো ব্যক্তির নয়, ক্রিকেট এই দেশের কোটি মানুষের আবেগ। দয়া করে এই খেলাটাকে ধ্বংস করবেন না।’’
সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়ে ইমরুল কায়েস বলেছেন, ‘ব্যক্তিগত স্বার্থ ভুলে দ্রুত মাঠের ক্রিকেট ফেরানোর ব্যবস্থা করুন। ক্রিকেটারদের রুটি-রুজির পথ বন্ধ করবেন না। আমি মাননীয় ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি—অনুগ্রহ করে ক্রিকেটকে রাজনীতিমুক্ত রেখে এই খেলাটাকে এগিয়ে নেওয়ার ব্যবস্থা করুন।’