আইপিএল খেলার অনুমতি পেতে শ্রীলঙ্কার আদালতে গেলেন থুশারা!

আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এনওসিই পাননি ফাস্ট বোলার নুয়ান থুশারা। সেই এনওসি পেতে এবার দেশটির আদালতের দ্বারস্থ হয়েছেন লঙ্কান ক্রিকেটার। চলমান আসরে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ‘নো অবজেকশন সার্টিফিকেট’ তথা এনওসি দিতে শ্রীলঙ্কা ক্রিকেটকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে কলম্বো জেলা আদালতে একটি রিট পিটিশন দায়ের করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দায়ের করা এই মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৯ এপ্রিল।

নিউজওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, আবেদনে থুশারা শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিসানায়েকে, কোষাধ্যক্ষ সুজিওয়া গোদালিয়াড্ডা এবং প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভাকে বিবাদী করেছেন।

অবশ্য শ্রীলঙ্কা ক্রিকেটের দাবি, আইপিএলের আগে ১ কোটি ৬০ লাখ রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে রেখে দেওয়া থুশারা নির্ধারিত ফিটনেস মান পূরণ করতে ব্যর্থ হয়েছেন। সে কারণেই তাকে এনওসি না দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেয় লঙ্কান ক্রিকেট বোর্ড।

তবে থুশারার দাবি, তার বর্তমান ফিটনেস ক্যারিয়ারের অন্যান্য সময়ের মতোই রয়েছে। এনওসি না পেলে আইপিএলসহ বিদেশি অন্যান্য লিগে ভবিষ্যতে সুযোগ পাওয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।