আজকের এই দিনটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। ১৯৯৭ সালের ১৩ এপ্রিল—যেদিন আইসিসি ট্রফি জিতে বিশ্ব ক্রিকেটে নিজেদের নতুন করে চিনিয়েছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক জয়ের ২৯ বছর পূর্তিতে আবারও ফিরে এলো গর্ব, আবেগ আর স্মৃতিমাখা মুহূর্তগুলো।
মালয়েশিয়ার কিলাত কিলাব মাঠে অর্জিত সেই সাফল্যের ঢেউ ছড়িয়ে পড়েছিল পুরো দেশে। আনন্দে ভেসেছিল গোটা জাতি—রঙিন উদযাপনে মেতে উঠেছিল চারদিক। বাংলাদেশের ক্রিকেটের ‘বাঁক বদলের দিন’ হিসেবে জায়গা করে নেওয়া সেই জয় আজও সমানভাবে উজ্জ্বল।
সেই জয়ের অন্যতম নায়ক খালেদ মাসুদ পাইলট আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্মৃতিচারণ করেছেন। সেদিনের ছবি ও ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘২৯ বছর আগের ১৩ই এপ্রিল—আজকের এই দিনটা। ১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে কেনিয়ার বিরুদ্ধে সেই ঐতিহাসিক জয়! আমি গর্বিত, কারণ আমি ছিলাম সেই দলের একজন সদস্য—বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে মাঠে নেমেছিলাম দেশকে গর্বিত করার স্বপ্ন নিয়ে।’
এরপর তিনি স্মরণ করেন সেই অবিস্মরণীয় মুহূর্তগুলো, ‘আজও চোখে ভাসে জয়ের পর মাঠের উল্লাস, দেশের কোটি মানুষের ভালোবাসায় ভেসে যাওয়ার অনুভূতি, আর দেশে ফিরে পাওয়া সেই অবিস্মরণীয় সংবর্ধনা।’
পাইলট আরও লিখেছেন, ‘সেই মুহূর্তগুলো আজও হৃদয়ে গেঁথে আছে...আর যারা শুরু থেকেই আমাদের পাশে ছিলেন, আজও যারা বাংলাদেশ ক্রিকেটকে হৃদয়ে ধারণ করেন—আপনাদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা। দোয়া করবেন, আমরা যেন সবসময় বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে নিজেদের সেরাটা দিতে পারি।’
সমর্থকদের উদ্দেশে তিনি প্রশ্নও ছুঁড়ে দেন এই সময়, ‘কার কার মনে আছে সেই দিনের মুহূর্ত? কমেন্টে জানাবেন—আপনার স্মৃতি, আপনার অনুভূতি।’