আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের লড়াইয়ে বাংলাদেশের নাহিদ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। আইসিসির এপ্রিলের প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। ৩ জনের সংক্ষিপ্ত তালিকায় আরও আছেন ওমানের ব্যাটার যতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার আজয় কুমার। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তরুণ পেসার নাহিদ নিয়েছেন ৮ উইকেট। তার বোলিং গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি রেট ৪.৪৬। সিরিজসেরার পুরস্কারও জেতেন তিনি। 

মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন নাহিদ। দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে ৩২ রানে নেন ৫ উইকেট। এছাড়া সিরিজের প্রথম ওয়ানডেতে ১টি ও তৃতীয় ওয়ানডেতে নেন ২ উইকেট। তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে বাংলাদেশ ২-১ ব্যবধানে স্মরণীয় সিরিজ জয় নিশ্চিত করে। 

উল্লেখ্য, ভক্তদের ভোট ও বিশেষজ্ঞ প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে চলতি মাসের শেষদিকে বিজয়ীর নাম ঘোষণা করবে আইসিসি।