ভারতের হায়দরাবাদে রবিবার আইপিএলের ফাইনালের পাশাপাশি ছিল আইসিসির বোর্ড সভাও। সেখানে উপস্থিত ছিলেন টেস্ট খেলুড়ে দেশের প্রতিনিধিরা। এমনকি ওয়ানডে সদস্যদের অনেকেই আমন্ত্রিত ছিলেন। তবে এই সভা থেকে বাদ পড়েছে শুধু বাংলাদেশ ও পাকিস্তান।
পাকিস্তানের মহসিন নাকভি ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতে যাননি। অপরদিকে বাংলাদেশের সভাপতির অনুপস্থিতি প্রক্রিয়াগত কারণে। বিসিবিতে এখনও নির্বাচিত বোর্ড আসেনি। সরকার কর্তৃক অ্যাডহক কমিটি দিয়ে চলছে বোর্ড। যাদের কাজ নির্বাচন দেওয়া।
বিসিবির নির্বাচনের দিন তারিখও ঠিক হয়েছে, প্রক্রিয়াও এগিয়ে চলছে। ৭ জুন নির্বাচনের পরই আইসিসিতে বাংলাদেশের প্রতিনিধি মনোনয়ন করবে বিসিবি। রবিবার সন্ধ্যায় বিসিবি থেকে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়।
তাই ৩১ মে’র আইসিসি সভায় বিসিবি সভাপতি ছিলেন অনুপস্থিত। এই সভাতে ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দলের সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ৩২ করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া পূর্ণ সদস্য ১২ দলকেই টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দ্বিস্তর টেস্ট চ্যাম্পিয়নশিপ করার বিষয়টিও উঠে এসেছে।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড এবং আইসিসি বিজনেস করপোরেশন (আইবিসি) বোর্ডে তাদের প্রতিনিধি মনোনীত করা হবে বিসিবি’র নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর। এই নির্বাচন প্রক্রিয়া আগামী ৭ জুন শেষ হওয়ার কথা রয়েছে।
বিসিবি আরও জানতে পেরেছে যে, আগামী দিনগুলোতে আইসিসি’র একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে। সফরকালে প্রতিনিধি দলটি এই নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত সংশ্লিষ্ট অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে আলোচনা করতে পারে এবং আইসিসি বোর্ডকে অবহিত করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।