বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ক্রিকেটে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই পুরুষ ও নারী—উভয় দলের জার্সির পেছনে প্রথমবারের মতো দেখা যাবে স্পন্সরের লোগো। ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন স্পন্সরশিপ চুক্তির মাধ্যমে এই পরিবর্তন কার্যকর হচ্ছে। যা দেশটির ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বিদ্যমান চুক্তি আরও সম্প্রসারণ করেছে হোলা হেলথ। এক বছরেরও কম সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি তাদের স্পন্সরশিপ উন্নীত করে 'গোল্ড পার্টনার' হয়েছে।

আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচ না থাকাতেই জিম্বাবুয়েতে ব্যাটিং ব্যর্থতা!

নতুন চুক্তির ফলে হোলা হেলথের নতুন ডিজাইনের লোগো পুরুষ ও নারী—উভয় আন্তর্জাতিক দলের জার্সির খেলোয়াড়ের নম্বরের নিচে থাকবে।

এর আগে ২০২০ সালে অস্ট্রেলিয়ার পুরুষ টি-টোয়েন্টি দলে জার্সির পেছনে স্পন্সরের লোগো দেখা গেলেও, এবারই প্রথম টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এই ব্যবস্থা চালু হচ্ছে। 

২০২০ সালে করোনা মহামারির কারণে ক্রিকেট বোর্ডগুলোর আয় কমে গেলে আইসিসি জার্সিতে অতিরিক্ত স্পন্সর প্রদর্শনের অনুমতি দেয়।

প্রথমে পরীক্ষামূলকভাবে চালু হলেও একই বছরের শেষ দিকে এটি স্থায়ী করা হয়। এরপর থেকেই অস্ট্রেলিয়ার টেস্ট জার্সির বুকের অংশে স্পন্সরের লোগো ব্যবহার শুরু হয়। বর্তমানে সেই জায়গায় রয়েছে ওয়েস্টপ্যাক।

তারই ধারাবাহিকতায় ২০২৩ সালে আইসিসি টেস্ট জার্সির পেছনেও স্পন্সরের লোগো ব্যবহারের অনুমতি দেয়। তবে সেই সুযোগ নিতে বেশ দেরি করেছে অস্ট্রেলিয়া।

এতদিন ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া- এই তিন দেশই টেস্ট জার্সির পেছনে স্পন্সরের লোগো ব্যবহার করেনি। এখন অস্ট্রেলিয়া সেই তালিকা থেকেও বেরিয়ে গেলো। ফলে কেবল ভারত ও নিউজিল্যান্ডই এই তালিকায় রইলো।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এখনও একমাত্র টেস্ট খেলুড়ে দেশ, যারা টেস্ট জার্সির সামনের অংশে কখনো কোনো বড় স্পন্সরের লোগো ব্যবহার করেনি।

সাধারণত বিশ্ব ক্রিকেটের বেশিরভাগ দেশ জার্সির পেছনে কাঁধের নিচে স্পন্সরের লোগো বসিয়ে তার নিচে খেলোয়াড়ের নাম রাখে। কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও বাংলাদেশকে অনুসরণ করে খেলোয়াড়ের নম্বরের নিচে স্পন্সরের লোগো রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি

প্রথম টেস্ট: ১৩–১৭ আগস্ট, ডারউইন
দ্বিতীয় টেস্ট: ২২–২৬ আগস্ট, ম্যাকাই

অস্ট্রেলিয়ার টেস্ট দল।

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড ও বাউ ওয়েবস্টার।

/এফআইআর/