বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের পেছনে যাদের অবদান ছিল, তাদের অন্যতম খালেদ মাহমুদ সুজন। দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফিরলেন সাবেক এই অধিনায়ক। এবার তার লক্ষ্য তৃণমূল থেকে নতুন প্রজন্মের ক্রিকেটার গড়ে তোলা। তাকে বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
এর আগে বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সুজন। বিশেষ করে বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। এবার তাকে দুই বছরের চুক্তিতে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
খালেদ মাহমুদ ক্রিকবাজকে বলেছেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার বিষয়টি নিয়ে আমি বেশ কিছুদিন ধরেই তামিমের (বিসিবি সভাপতি) সঙ্গে আলোচনা করছিলাম। আমাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।’
তিনি যোগ করেন, ‘আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছি। বোর্ড ছাড়ার পরও মূলত বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়েই কোচ হিসেবে কাজ করেছি। এই নতুন দায়িত্ব আমার জন্য একেবারে উপযুক্ত। আশা করি আগামী দুই বছরে ভালো কিছু করতে পারবো।’
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যখন প্রথমবারের মতো শিরোপা জেতে, তখন বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান ছিলেন খালেদ মাহমুদ।
জানা গেছে, বয়সভিত্তিক ক্রিকেটে তার দীর্ঘদিনের অবদান বিবেচনায় নিয়ে তাকে আবারও বোর্ডে ফিরিয়ে আনতে আগ্রহী ছিল বিসিবির শীর্ষ নেতৃত্ব।
৫৪ বছর বয়সী খালেদ মাহমুদ এর আগে বিসিবির আগের কমিটির সময় একাধিক আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্বও পালন করেছেন।