ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আর্থিক প্রলোভনের চেয়ে দেশের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলাকেই বেশি গুরুত্ব দিলেন তাসকিন আহমেদ। আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি ঠিক রাখতে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের এই পেসার।
জিম্বাবুয়ে সফর শেষে বুধবার (২৩ জুলাই) দলের সঙ্গে ঢাকায় ফেরেন তাসকিন। সেখান থেকে তার শ্রীলঙ্কায় গিয়ে এলপিএলে জাফনা কিংসের হয়ে খেলার কথা ছিল।
আরও পড়ুন: বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে ২০০৩ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।
শুরুর দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এলপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন তাসকিন। সে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না খেলার পরিকল্পনাও ছিল। তবে মোস্তাফিজুর রহমান চোটে পড়ায় তিনি জিম্বাবুয়েতেই থেকে যান এবং সিরিজে অংশ নেন।
তাসকিন ক্রিকবাজকে বলেছেন, ‘হ্যাঁ, আমি এলপিএল থেকে সরে দাঁড়িয়েছি। মূল কারণ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রস্তুতি।’
তিনি আরও বলেছেন, ‘জিম্বাবুয়েতে টানা ছয়টি ম্যাচ খেলেছি। এলপিএলে হয়তো আরও চারটি ম্যাচ খেলতে হতো। এরপর দেশে ফিরে সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া যেতে হলে আমার টেস্ট প্রস্তুতি ব্যাহত হতো।’
তাসকিন মনে করেন, ‘কিছুটা আর্থিক ক্ষতি হলেও আমি মনে করি, সমস্যা নেই। অস্ট্রেলিয়ার মতো টেস্ট সিরিজ বারবার আসে না। তাই এনওসি থাকার পরও এলপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
/এফআইআর/