মিরপুর টেস্টে যে কোনো সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৬, ১৮:৩৫ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৮:৩৫

৯৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছেন ওপেনার সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন স্বস্তি নিয়ে মাঠ ছাড়লেও ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিন নিশ্চিন্ত হতে পারছেন না। মিরপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ ভালো অবস্থানে তাতে সন্দেহ নেই। কিন্তু পাঁচ দিনের লড়াইয়ে যেকোনো সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান করেছে বাংলাদেশ। ৯৯ রানে অপরাজিত আছেন ওপেনার সাদমান ইসলাম। অন্য প্রান্তে ১০ রানে ব্যাট করছেন লিটন দাস। আলোর স্বল্পতায় নির্ধারিত সময়ের বেশ আগেই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।

টেস্ট শুরুর আগে উইকেটের আচরণ নিয়ে নানা আলোচনা ছিল। প্রথম দিনেই অবশ্য কিছুটা চমক দেখিয়েছে মিরপুরের পিচ। শুরুতে সিম মুভমেন্ট কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। অসমান বাউন্সও কাজে লাগিয়েছেন ক্যারিবীয় বোলাররা।

সালাহউদ্দিনও মনে করেন, উইকেটে বোলারদের জন্য সহায়তা রয়েছে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এই উইকেটে বোলারদের জন্য কিছু আছে। ঠিক জায়গায় বল করতে পারলে তারা এখান থেকে অনেক সহায়তা পেতে পারে।’

বাংলাদেশের ব্যাটাররা পরিস্থিতির সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন বলে মনে করেন কোচ। তবে তার মতে, টপ অর্ডার আরও ভালো করতে পারতো।

সালাহউদ্দিন বলেন, ‘আমার মনে হয়, ব্যাটাররা কন্ডিশন বেশ ভালোভাবে সামলাচ্ছে। যদিও টপ অর্ডার আরেকটু ভালো করতে পারতো। শুরুর সময়টা যদি আমরা ভালোভাবে সামলাতে পারতাম, তাহলে আরও ভালো অবস্থানে থাকতে পারতাম। তবে দিন শেষে তিন উইকেট হারিয়ে এই অবস্থানে থাকাকে আমি ভালোই বলবো। শেষ সেশনে আমরা ভালো করেছি।’

তবে এখানেই নিশ্চিন্ত হয়ে বসে থাকার সুযোগ দেখছেন না সালাহউদ্দিন। তার মতে, দ্বিতীয় দিনের প্রথম সেশন ম্যাচের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ‘এই টেস্টে যেকোনো সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে। আগামীকাল আমরা কীভাবে খেলি, দিনটা কীভাবে শুরু করি এবং প্রথম সেশনে কীভাবে ব্যাটিং করি। তার ওপর অনেক কিছুই নির্ভর করবে।’

ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়া হৃদয় দ্বিতীয় দিন ব্যাট করতে পারবেন বলেও আশাবাদী কোচ। সালাহউদ্দিন জানান, ‘আমার মনে হয়, আগামীকালের মধ্যে সে পুরোপুরি সেরে উঠবে এবং আবার ঠিকভাবে ব্যাট করতে পারবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সাদমানের সেঞ্চুরি পূরণের আগেই শেষ দিনের খেলা
জাদেজার চার বছরের রাজত্বের সমাপ্তি, এক নম্বরে ইয়ানসেন
সাদমানের দৃঢ়তায় শেষ দ্বিতীয় সেশন 
সর্বশেষ খবর
সেই এমপির ছড়িয়ে পড়া আলোচিত ভিডিও নিয়ে যা বললো উপজেলা বিএনপি
সেই এমপির ছড়িয়ে পড়া আলোচিত ভিডিও নিয়ে যা বললো উপজেলা বিএনপি
প্রথম দিনেই ৬ জাতীয় রেকর্ড, নৌবাহিনীর দাপট
প্রথম দিনেই ৬ জাতীয় রেকর্ড, নৌবাহিনীর দাপট
বৈগাই এক্সপ্রেসের দাপট, সাড়ে ৫ ঘণ্টায় ৪৩০ কিমি পাড়ি!
বৈগাই এক্সপ্রেসের দাপট, সাড়ে ৫ ঘণ্টায় ৪৩০ কিমি পাড়ি!
প্রতিবন্ধী অধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন, কী করবেন তারা
প্রতিবন্ধী অধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন, কী করবেন তারা
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল