ভারতের উদীয়মান ব্যাটার বৈভব সূর্যবংশী আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন। রবিবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত হাফসেঞ্চুরিতে অনন্য এক কীর্তি গড়েছেন ১৫ বছর বয়সী এই বিস্ময়বালক।
৩১ বলে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে নিজের ফিফটি পূরণ করেন বৈভব। পুরো ইনিংসজুড়েই জিম্বাবুয়ের বোলারদের ওপর আধিপত্য বজায় রেখে পরিণত ব্যাটিং উপহার দেন তিনি। চলমান তিন ম্যাচের সিরিজে এটি ছিল বৈভবের দ্বিতীয় ফিফটি।
আরও পড়ুন: জাফনার জয়ে আলো ছড়ালেন হৃদয়-সাকিব
এই ইনিংসের সুবাদে পূর্ণ সদস্যভুক্ত কোনো দেশের হয়ে ১৬ বছর পূরণ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ৫০-এর বেশি রানের ইনিংস খেলা প্রথম ব্যাটার হওয়ার কীর্তি গড়েছেন তিনি।
সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পূরণ হওয়ার আগে একাধিক অর্ধশতক করা ব্যাটারদের তালিকায় বৈভবের আগে ছিলেন শুধু নেপালের কুশল মাল্লা। বৈভবের ইতিহাস গড়ার দিনে জিম্বাবুয়েকে ৩৫ রানে হারিয়ে সিরিজ ৩-০ তে নিশ্চিত করেছে ভারত।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়েই ৫ উইকেটে ১৯২ রানের সংগ্রহ গড়ে তারা। শেষ পর্যন্ত সূর্যবংশী আউট হওয়ার আগে ৮টি চার ও ৪টি ছক্কায় ৪৯ বলে করেছেন ৮১ রান। এছাড়া ২৯ রান করেন ইশান কিশান, ২৭ রান করেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। রিংকু সিংয়ের ব্যাট থেকেও আসে ২৫ রান।
জবাবে রায়ান বার্ল ৪৩ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেললেও ৭ উইকেটে ১৫৭ রান পর্যন্তই গেছে জিম্বাবুয়ের ইনিংস। ভারতের হয়ে ২৯ রানে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মায়াঙ্ক যাদব। দুটি নিয়েছেন যশ ঠাকুর।