সৌম্যকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন হাবিবুল

প্রায় পাঁচ বছর পর বাংলাদেশের টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে মাহমুদুল হাসান জয়কে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে এই বাঁহাতি ব্যাটারকে। তার অন্তর্ভুক্তি নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

সোমবার সংবাদ সম্মেলনে হাবিবুল বাশার বলেন, ‘কিছুটা তাড়াহুড়োর জায়গা থেকে বলতে পারেন। সত্যি বলতে, আপনি যদি আমাদের এনসিএল দেখেন, সেখানে যারা রান করেছে, তারা আসলে একেবারেই নতুন ক্রিকেটার। জাকির হাসান আছেন একজন, যিনি টেস্ট ম্যাচ খেলেছেন। তবে আমাদের কাছে মনে হয়েছে, সৌম্য অস্ট্রেলিয়ার কন্ডিশনে অন্যদের তুলনায় পেস বোলিং বেশি খেলেছে। এই ধরনের পেস বোলিংয়ের অভিজ্ঞতা সৌম্য সরকারের আছে, কিন্তু বাকিদের নেই। আমি আগেও বলেছি, আমাদের পাইপলাইনে খেলোয়াড় আছে, তবে তারা এখনো পুরোপুরি প্রস্তুত নয়।’

সবশেষ ২০২৫-২৬ জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ৬৩৩ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন সৌম্য সরকার। সাত ম্যাচে ১৪ ইনিংসে তিনি একটি সেঞ্চুরি ও চারটি ফিফটি করেন। একই মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সর্বোচ্চ ১৮৬ রানের ইনিংসও খেলেন তিনি।

এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে সৌম্যর। তিনি ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন।

অন্যদিকে, সবশেষ এনসিএলে জাকির হাসান ৬২৮ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। টুর্নামেন্টে সৌম্য ও জাকিরের ব্যাটিং গড় ছিল যথাক্রমে ৪৫.২১ এবং ৫৭.০৯।