বিশ্বকাপ ও এশিয়ান গেমসের বাছাইপর্ব সামনে রেখে নিজেদের প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ম্যাচ খেলার জন্য অনুরোধ করেছিল মালয়েশিয়া। সেটি নিশ্চিতের পর এবার অতিথি দলটির খেলার সূচিও জানা গেছে। মালয়েশিয়া খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ও হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে।
মঙ্গলবার মালয়েশিয়া দলের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে হবে খেলা।
দুইটি বিশ ওভারের ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে বুধবার বাংলাদেশে এসে পৌঁছাবে মালয়েশিয়া দল। পরে দুই দিন অনুশীলনের পর মাঠের লড়াইয়ে নামবে তারা।
মিরপুরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার (৮ আগস্ট) দুপুর ২টায় শুরু এইচপি ও মালয়েশিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরে সোমবার (১০ আগস্ট) একই মাঠে একই সময়ে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
এরপর এক দিনের ম্যাচগুলো হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে। আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে মালয়েশিয়া ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মধ্যকার এই ওয়ানডে ম্যাচগুলো।