হেডদের থামাতে ‘প্ল্যান’ আছে তাসকিনের

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে একের পর এক বিশ্বমানের ব্যাটার। সামনে আবার ট্রাভিস হেড; যিনি যেকোনো বোলিং আক্রমণকে মুহূর্তেই তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখেন। তার ওপর অস্ট্রেলিয়ার মাটিতে দুই টেস্টের সিরিজ। চ্যালেঞ্জটা তাই বাংলাদেশের জন্য বিশাল। তবে এসব নিয়ে বাড়তি কিছু করার কথা ভাবছেন না তাসকিন আহমেদ। নিজের দক্ষতায় আস্থা রেখে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মোকাবিলা করতে চান বাংলাদেশের পেস আক্রমণের প্রধান এই অস্ত্র।

বৃহস্পতিবার ডারউইনে শুরু হচ্ছে দুই টেস্টের সিরিজ। তার আগে সোমবার ডারউইনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তাসকিন বলেন, ‘কোনও সন্দেহ নেই, সে (হেড) বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। তবে শেষ পর্যন্ত এটি ব্যাট-বলের খেলা। গত কয়েক বছর ধরে যেভাবে করে আসছি, আমি আমার সেই প্রক্রিয়াই অনুসরণ করবো। এটা সহজ হবে না, তবে এর চেয়ে বেশি কিছু করতে পারি না। আমি আমার প্রক্রিয়ায় অটল থাকবো এবং দেখা যাক কী হয়।’

অস্ট্রেলিয়ার প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা থাকবে বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা কতটা কাজে আসবে, তা নির্ভর করবে কন্ডিশন, পিচের আচরণ এবং মাঠে তার বাস্তবায়নের ওপর। তাসকিন বলেন, ‘অবশ্যই, আমরা প্রতিটি ব্যাটারের জন্য একটি করে পরিকল্পনা নিয়ে হাজির হবো। তবে সেটি নির্ভর করবে কন্ডিশন এবং পিচ কীভাবে আচরণ করছে, তার ওপর। সবকিছুই নির্ভর করবে পরিকল্পনার বাস্তবায়ন এবং আমরা মাঠে সেটি কীভাবে কাজে লাগাতে পারছি তার ওপর। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদেরও খুব ভালো ক্রিকেট খেলতে হবে।’

প্রথম টেস্টে বাংলাদেশের পেস আক্রমণ খর্বশক্তির। চোটের কারণে খেলতে পারছেন না নাহিদ রানা, আর দলে নেই শরিফুল ইসলামও। বিশেষ করে নাহিদের অনুপস্থিতি বাংলাদেশকে ভোগাবে বলে মনে করছেন তাসকিন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম বড় পেস-হুমকি হয়ে উঠেছেন নাহিদ।

তাসকিন বলেন, ‘সত্যিই আমরা তাদের মিস করবো, বিশেষ করে নাহিদ রানাকে। এই মুহূর্তে সে বিশ্ব ক্রিকেটে বড় একটি হুমকি। দুর্ভাগ্যজনকভাবে সে চোটে পড়েছে।’