৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন ব্রাজিল

ফুটবল দিয়ে বিশ্বজুড়ে পরিচিত ব্রাজিল। সাম্বার ছন্দে ফুটবল মাতানো সেই দেশ এবার ইতিহাস গড়েছে ক্রিকেটেও। দীর্ঘ ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল।

১৯৯৫ সালে শুরু হওয়া দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ২১তম আসর এবার মাঠে গড়িয়েছিল। এর আগে ১৯৯৭, ২০১৫, ২০২২ ও ২০২৪ সালে চারবার রানার্সআপ হয়েছিল ব্রাজিল। এবার আর শেষ বাধায় থামতে হয়নি তাদের। পানামাকে মাত্র ৩ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছে তারা।

এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। ১২ বার শিরোপা জিতেছে তারা। তবে সর্বশেষ দুটি আসরে অংশ নেয়নি আর্জেন্টিনা।

রবিবার কলম্বিয়ায় অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে ব্রাজিল ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন উইলিয়াম ম্যাক্সিমো।

জয়ের জন্য পানামার লক্ষ্য দাঁড়ায় ১২৯ রান। জবাব দিতে নেমে শুরু থেকেই লড়াই চালিয়ে যায় পানামা। মাহমেদ বাওয়ারের ৪৬ রানের ইনিংসে জয়ের আশাও জাগিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত ব্রাজিলের আঁটসাঁট বোলিংয়ের সামনে থেমে যায় পানামার ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২৫ রান তুলতে পারে তারা।

শেষ ওভারে পানামার প্রয়োজন ছিল ১৪ রান। সেই ওভারে ১০ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের করে নেন আসুনসাও। তার নিয়ন্ত্রিত বোলিংয়েই নিশ্চিত হয় ব্রাজিলের ঐতিহাসিক জয়।

শেষ পর্যন্ত মাত্র ৩ রানের ব্যবধানে জয় পায় তারা। আর তাতেই ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ আমেরিকার ক্রিকেটের নতুন ইতিহাস লিখেছে ফুটবলের দেশ ব্রাজিল।