মাত্র ১০৬ রানের লক্ষ্য বড় কোনো চ্যালেঞ্জ হওয়ার কথা ছিল না। কিন্তু জয়টাকে যেন আরও সহজ করে দিয়েছেন তরুণ জিসান আলম। মাত্র ২১ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাতটি ছক্কা ও দুটি চারে ঝড় তুলেছেন তিনি। তার ব্যাটে ভর করে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট তথা এইচপি ৭.৪ ওভারেই ৭ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে গেছে। তাতে নিশ্চিত হয়েছে দুই ম্যাচের সিরিজ।
এর আগে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রানের মামুলি সংগ্রহ পায় সফরকারী মালয়েশিয়া। অধিনায়ক সৈয়দ আজিজের ৪০ এবং আহমেদ আকিলের ৩০ রানে ভর করে এই সংগ্রহ পায় তারা। স্বাগতিকদের হয়ে দুটি উইকেট নেন আবু হায়দার রনি।
১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন জিসান। তার ২১ বলের ইনিংসে ছিল সাতটি ছক্কা ও দুটি চারের মার। একাই ম্যাচের গতিপথ বদলে দিয়ে বাংলাদেশ এইচপিকে এনে দেন দুর্দান্ত এক জয়। দ্রুত ২ উইকেট পতনের পর সাব্বির রহমানকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন জিসান। ৮ বলে ১২ রান করে সাব্বির থামলেও শামীম পাটোয়ারিকে নিয়ে বাংলাদেশকে জয়ের পথে নেন জিসান। মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরির স্বাদ নেন তিনি। অপরাজিত থাকেন ৫৭ রানে। অন্যপ্রান্তে ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন শামীম। এর আগে প্রথম টি-টোয়েন্টি ৮৯ রানে জিতেছিল বাংলাদেশ।









