একসময় অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মাঠ মাতিয়েছেন। এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান পর্তুগালকে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যেতে!
অস্ট্রেলিয়ার হয়ে চারটি টেস্ট, ১৬টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলা ময়েজেস হেনরিকস এবার পর্তুগালের অধিনায়ক। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডারের নেতৃত্বে ইউরোপের দলটি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামছে।
হেনরিকসের জন্ম পর্তুগালের দ্বীপ মাদেইরায়, যা মরক্কোর পশ্চিমে অবস্থিত। মাদেইরাই আবার বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মস্থান।
শৈশবেই পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যান হেনরিকস। এরপর নিউ সাউথ ওয়েলস ও সিডনি সিক্সার্সের হয়ে দীর্ঘ পেশাদার ক্রিকেট ক্যারিয়ার গড়ে তোলেন।
অস্ট্রেলিয়ার হয়ে তার আন্তর্জাতিক ম্যাচ ৪৪টি। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন পাঁচ বছর আগে। গত মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তবে বিদেশের ফ্র্যাঞ্চাইজি ও ক্লাব ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পুরুষদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বর্তমানে ৩৭তম অবস্থানে রয়েছে পর্তুগাল।
আগামী ১৪ থেকে ২০ আগস্ট ফিনল্যান্ডে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’। গ্রুপ ‘বি’-তে পর্তুগালের প্রতিপক্ষ ইসরায়েল, জার্মানি, গ্রিস ও চেকিয়া।
গ্রুপের শীর্ষ দল ২১ আগস্ট ফাইনালে খেলবে গ্রুপ ‘এ’-এর বিজয়ীর বিপক্ষে।
বাছাইপর্বের চূড়ান্ত বিজয়ী দল যোগ দেবে স্কটল্যান্ড, জার্সি ও ডেনমার্কের সঙ্গে ইউরোপিয়ান আঞ্চলিক ফাইনালে।
সেখান থেকে সেরা দুই দল পাবে বৈশ্বিক বাছাইপর্বে খেলার সুযোগ। যেখানে লক্ষ্য একটাই-২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়া। বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।