বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চোখ ভারতের

একদিকে সিরিজ জয়ের আত্মবিশ্বাস, অন্যদিকে চোটের ধাক্কায় নড়বড়ে স্বাগতিকরা। কলম্বোয় দ্বিতীয় টেস্টের আগে দুই দলের পরিস্থিতি যেন আকাশ-পাতাল। গলে প্রথম টেস্ট ১৬৫ রানে জিতে সিরিজে এগিয়ে থাকা ভারতের এবারের লক্ষ্য সরাসরি ২-০ ব্যবধানে সিরিজ শেষ করা। আর এই জয় শুধু সিরিজের ট্রফিই নিশ্চিত করবে না, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়েও নতুন প্রাণ সঞ্চার করবে তাদের। 

সেই লক্ষ্যেই আজ রবিবার কলম্বোয় শুরু হচ্ছে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত চাইছে সিরিজে পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করতে।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে রয়েছে ভারত। কলম্বোতে জয় পেলে শীর্ষ দুইয়ে উঠে তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেওয়ার অভিযানে বড় ধরনের আত্মবিশ্বাস পাবে তারা।

প্রথম টেস্টে ভারতের জয়ে বড় ভূমিকা রেখেছেন দেবদূত পাডিক্কাল। গলে ম্যাচজেতানো সেঞ্চুরি করে তিনি যেন ভারতের দীর্ঘদিনের তিন নম্বর ব্যাটারের সমস্যার সম্ভাব্য সমাধান হিসেবে নিজের নামটি সামনে নিয়ে এসেছেন। সাই সুদর্শনের চোটের কারণে দলে জায়গা পাওয়া পাডিক্কাল নিজের মাত্র তৃতীয় টেস্টেই দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। ফলে দ্বিতীয় টেস্টের আগে ভারতের ব্যাটিং লাইনআপে তৈরি হয়েছে নতুন আত্মবিশ্বাস।

শুধু ব্যাটিং নয়, গল টেস্টে ভারত পেয়েছে নতুন এক স্পিন অস্ত্রও। মানভ সুতার তার অভিষেক টেস্টেই ১০ উইকেট নিয়ে নজর কেড়েছেন।

অন্যদিকে সম্পূর্ণ বিপরীত চিত্র শ্রীলঙ্কার ড্রেসিংরুমে। সিরিজ সমতায় ফেরানোর আশায় থাকা স্বাগতিকদের বড় ধাক্কা দিয়েছে একের পর এক চোট। দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ ব্যাটার কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল ও পাথুম নিসাঙ্কা। তিন অভিজ্ঞ ব্যাটারের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে তৈরি হয়েছে বড় শূন্যতা। তাদের জায়গায় দলে নেওয়া হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার কামিল মিশারা এবং অলরাউন্ডার সাহান আরাচ্চিগেকে।

ফলে একদিকে ভারতের সামনে সিরিজ ২-০ করার সুবর্ণ সুযোগ, অন্যদিকে চোটে জর্জরিত শ্রীলঙ্কার সামনে সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ।