ক্রীড়াবিদদের জীবনে খেলার পাশাপাশি শিক্ষার গুরুত্ব এবং সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বার্তা নিয়ে নতুন বই লিখলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি কর্মকর্তা শাহরিয়ার নাফীস। বন্ধু এইচ এম আতিফ ওয়াফিকের সঙ্গে যৌথভাবে তার লেখা ‘প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’ নামের বইটি শনিবার (২৯ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়।
বইটিতে দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদ ও বিশ্বমানের ক্রীড়াবিদদের অভিজ্ঞতা ও গল্প তুলে ধরে খেলাধুলা ও পড়াশোনার সুস্থ সহাবস্থানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়েছে।
বইটি নিয়ে শাহরিয়ার নাফীস বলেন, “১০০ জন খেলোয়াড়ের মধ্যে মূলত একজন হয়তো শীর্ষ পর্যায়ে পৌঁছাতে পারেন। কিন্তু বাকিরা যারা পারেন না, খেলার পাশাপাশি পড়াশোনা থাকলে তাদের জীবন কতটা সহজ হয়— সেটিই তুলে ধরার চেষ্টা করেছি। একজন খেলোয়াড় খেলায় প্রচুর সময় দিলেও জীবনে পড়াশোনা কতটা অপরিহার্য, তা দেখানোটাই মূল উদ্দেশ্য।”
সাবেক এই ওপেনার জানান, বইটির জন্য বিভিন্ন আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদ ও বিশেষজ্ঞদের সাক্ষাৎকার ও তথ্য সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, “জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি সাবেক প্রোটিয়া পেসার অ্যালান ডোনাল্ড, কোচ স্টুয়ার্ট ল এবং ২০০০ সিডনি অলিম্পিকে ৪০০ মিটারে স্বর্ণপদকজয়ী ক্যাথি ফ্রিম্যানের কোচের অভিজ্ঞতাও এতে রয়েছে। বিভিন্ন সেক্টরের খেলোয়াড় ও অধ্যাপকদের গল্প সংকলন করে এটি সাজানো হয়েছে।”
অভিভাবকদের মানসিকতা বদলানোই এই উদ্যোগের বড় লক্ষ্য জানিয়ে ৪১ বছর বয়সী নাফীস যোগ করেন, “এই বইয়ের মূল লক্ষ্য অভিভাবকরা। বিশ্ববরেণ্য শিক্ষাবিদরা যেমন বলছেন পড়াশোনার সঙ্গে খেলার গুরুত্বের কথা, তেমনি সফল ক্রীড়াবিদরাও বলছেন শিক্ষার প্রয়োজনীয়তার কথা। এই পারস্পরিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করাই আমাদের আসল উদ্দেশ্য।”