ছক্কা মেরে 'বোকা' হতে চান না নাঈম!

নাঈম ইসলাম২০১৪ সালে সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন নাঈম ইসলাম। যিনি পরিচিতি লাভ করেছিলেন 'ছক্কা নাঈম' হিসেবে। এরপর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে বিশাল ছক্কা হাঁকানোয় তার নামই হয়ে গিয়েছিল ছক্কা নাঈম। এছাড়া আন্তর্জাতিক ম্যাচেও বেশ কয়েকটি বড় ছক্কার মার আছে তার।
তবে এখন আর ছক্কা হাঁকাতে চান না তিনি। নাঈমের যুক্তি আগে ব্যাটিং করতেন সাত কিংবা আট নম্বরে। কিন্তু এখন করেন তিন কিংবা চারে। তাই আগের মতো আগ্রাসী হতে চান না। কারণ তিন কিংবা চার নম্বরে নেমে এভাবে ব্যাটিং করলে সবাই তাকে বোকা ভাববে।
আরও পড়ুন: মুশফিককে পেয়ে আনন্দিত মোহামেডান

আগের আসরে মোহামেডানের হয়ে খেলা নাঈম ইসলামকে এবারও রেখে দিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। শনিবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। তারই চুম্বক অংশ বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য তুলে ধরা হলো :

প্রশ্ন আগে আপনাকে ছক্কা নাঈম বলা হতো, এখন…?

নাঈম আগে আমি ব্যাটিং করতাম, সাত বা আট নম্বরে। তখন আমার মেরে খেলার প্রয়োজন পড়তো। কিন্তু এখন তো চার বা পাঁচ নম্বরে ব্যাটিং করি। এখনও যদি আমি ওইভাবে ব্যাটিং করি, তবে সবাই বোকা বলবে। আমি ওই ব্যাটিংটা মিস করি না। আমি চাই ওপরে ব্যাটিং করতে। এখন সেটা করছি। এটাই আমার ভালো লাগে।

প্রশ্ন এবার কি চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছে মোহামেডান?

নাঈম সব দিক থেকেই আমাদের দলটা ভালো হয়েছে। তবে পেস বোলিং বিভাগটা আরও একটু ভালো হলে ভালো হতো। আসলে এবার তো প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল হয়েছে। সব কিছু পুরোপুরি ইচ্ছে মতো হয়নি। পেস বিভাগটা আরও ভালো হলে ভারসাম্যটা ভালো হতো।

প্রশ্ন প্রিমিয়ার লিগে ভালো করতে পারলে জাতীয় দলেও ঢুকতে পারেন। এই চিন্তাটা কি মাথা রাখেন?

নাঈম :  প্রিমিয়ার লিগটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে আর্থিক অনেক ব্যাপারও জড়িত। আমি তাই এখানে ভালো খেলতে চাই। ভালো খেলতে পারলে আগামী বছর আমার জন্য ভালো হতে পারে। তবে জাতীয় দলে নিয়ে আমি ভাবছি না।

প্রশ্ন আর্থিক ব্যাপারটাই কি বড়? নাকি জাতীয় দলের চিন্তাটাও আছে?

নাঈম আমি যদি জাতীয় দলের কথা চিন্তা করে খেলি, তবে আমার ওপর চাপ তৈরি হবে। আর যদি কেবল ভালো খেলার কথা চিন্তা করি এবং ভালো খেলি, তবে জাতীয় দলে এমনিতেই ডাক আসবে।

প্রশ্ন জাতীয় দলের বাইরে থাকাটা কতোটা কষ্টের?

নাঈম কোনও খেলোয়াড়ই জাতীয় দলের বাইরে থাকতে চায় না। আমিও চাই না। কিন্তু আমি চাইলেই তো জাতীয় দলে ফিরতে পারবো না। আমার কাজ পারফর্ম করে যাওয়া। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলতে হবে। তারপর সিলেক্টররা তাদের কাজ করবেন।

প্রশ্ন আফতাবকে কোচ হিসেবে পাওয়া-কিভাবে দেখছেন?

নাঈম আফতাব ভাইকে কোচ হিসেবে পেয়ে আমাদের জন্য খুব ভালো হয়েছে। কারণ উনি সাম্প্রতিক খেলা ছেড়েছেন। দলের তরুণরা ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।

/আরআই/এমআর/