ব্যাট হাতে দীর্ঘদিন ধরে রানখরায় ভুগছেন মার্নাস লাবুশেন। ২০২৩ সালের পর আর কোনো টেস্ট সেঞ্চুরি নেই তার। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ দুই টেস্টেও ছিল ব্যর্থতা! আউট হন ১, ৩১ ও ৪ রানে। এরপর জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকেও বাদ পড়েছিলেন। তবু লাল বলের ক্রিকেটে লাবুশেনের ওপর আস্থা হারায়নি অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি সোমবার জানিয়েছেন, ফর্ম নিয়ে উদ্বেগ থাকলেও লাবুশেন এখনো দলের জন্য ইতিবাচক অবদান রাখতে পারেন বলে বিশ্বাস তাদের।
বেইলি বলেছেন, ‘আমরা এটা এড়িয়ে যাচ্ছি না যে তার কাছ থেকে আমরা আরও কিছু রান চাই। তবে একই সঙ্গে আমরা এটাও বিশ্বাস করি, সে এখনো এই দলে ইতিবাচক অবদান রাখতে পারে।’
শুধু লাবুশেন নয়, অস্ট্রেলিয়ার পুরো ব্যাটিং লাইনআপ নিয়েই সন্তুষ্ট নন নির্বাচকরা। বেইলি বলেছেন,‘শুধু লাবুশেন নয়, পুরো ব্যাটিং গ্রুপই সম্ভবত আমরা যেভাবে চাই, সেভাবে সফলভাবে কাজ করছে না।’
দক্ষিণ আফ্রিকা সিরিজটি লাবুশেনের জন্য শেষ সুযোগ কি না—এমন প্রশ্নের মুখেও সরাসরি কোনো উত্তর দেননি বেইলি।
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বড় কোনো পরিবর্তন না এনে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
দলে নতুন মুখ হিসেবে আছেন অলরাউন্ডার কুপার কনোলি, স্পিনার ম্যাথু কুনেমান ও পেস অলরাউন্ডার মাইকেল নেসার।
২৩ বছর বয়সী কনোলিকে দলে নেওয়া ভবিষ্যতের পরিকল্পনারও ইঙ্গিত দিচ্ছে। ব্যাটিংয়ের জন্যই তাকে মূলত দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেইলি। মিডল অর্ডারে খেলার সম্ভাবনাই বেশি, তবে প্রয়োজনে তিন নম্বরেও ব্যাট করতে পারেন তিনি।
এদিকে দ্বিতীয় স্পিনার হিসেবে টড মার্ফির পরিবর্তে কুনেমানকে বেছে নেওয়া হয়েছে। একাদশে প্রথম স্পিনার হিসেবে থাকছেন অভিজ্ঞ নাথান লায়ন।
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া নেসারকে রাখা হয়েছে পেস আক্রমণের জন্য ব্যাকআপ হিসেবে। মূল পেস ত্রয়ী প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক।
দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হবে ৯ অক্টোবর ডারবানে। এরপর সিরিজ যাবে গেবেরা ও কেপটাউনে।
অস্ট্রেলিয়ার টেস্ট দল
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বাউ ওয়েবস্টার।