বিগ ব্যাশে খেলার সুযোগ থাকলেও আপাতত সেই স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচি। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে নাহিদ রানাকে পেতে আগ্রহ দেখাচ্ছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এই পেসারের নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে বোর্ডের একটি সূত্র।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন বিগ ব্যাশ লিগের (বিবিএল) নতুন মৌসুমে নাহিদ রানাকে দলে ভেড়াতে আগ্রহী অ্যাডিলেড স্ট্রাইকার্সসহ মেলবোর্নভিত্তিক একটি দল। আগামী ১২ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে এবারের বিবিএল।
বিসিবির এক কর্মকর্তা এ বিষয়ে বলেছেন, ‘আমরা বিভিন্ন প্ল্যাটফর্মেও দেখছি, বিগ ব্যাশের কিছু ফ্র্যাঞ্চাইজি নাহিদ রানাকে দলে নিতে আগ্রহী। তবে এনওসির জন্য আমরা তার কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। সে আবেদন করলে বোর্ড সিদ্ধান্ত নেবে তাকে এনওসি দেওয়া হবে কি না। তবে আন্তর্জাতিক ব্যস্ততা বিবেচনায় তার এনওসি পাওয়ার সম্ভাবনা খুবই কম।’
নাহিদ রানার সাম্প্রতিক চোটের বিষয়টিও মাথায় রাখছে বিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি এই পেসার। গ্রেড-২ সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছিলেন তিনি।
বিসিবির ওই কর্মকর্তা বলেছেন, ‘সে (নাহিদ) মাত্রই চোট থেকে ফিরেছে। এটাও আমাদের নজরে রাখতে হবে। কারণ তার ফিটনেস এবং কাজের চাপ নিয়ন্ত্রণ করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার।’
২৩ বছর বয়সী এই পেসার চলতি সপ্তাহের শুরুতে আবার বোলিং শুরু করেছেন। তবে সেপ্টেম্বরে এশিয়ান গেমসে তার খেলা হচ্ছে না। অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে নাহিদ আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে আশা করছে বিসিবি।
আফগানিস্তান সিরিজের পরই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য এই সিরিজটি চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
এরপর নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ এই সফরে থাকবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।
এদিকে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে ভারতের ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলার কথা থাকলেও সেটি জানুয়ারিতে পিছিয়ে যেতে পারে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে ভারত সফরটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা স্থগিত কোনোটিই করা হয়নি। ভারতকে বাংলাদেশে আতিথেয়তা দেওয়া নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালও এখনো আশাবাদী।
এর বাইরে আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
সব মিলিয়ে সামনে একের পর এক আন্তর্জাতিক সিরিজ থাকায় নাহিদ রানার বিগ ব্যাশে খেলার পথটা কঠিন হয়ে উঠছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত বিসিবির আন্তর্জাতিক পরিকল্পনা ও এই পেসারের ফিটনেসই নির্ধারণ করবে অস্ট্রেলিয়ার লিগে তার দেখা মিলবে কি না।