ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে একের পর এক ধাক্কা খাচ্ছে পাকিস্তান ক্রিকেট। প্রথম দুই টেস্টে হারের পর সাত ক্রিকেটারকে বাদ দেওয়া এবং দুই কোচকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর তৃতীয় টেস্টে নতুন চেহারার দল নিয়ে মাঠে নামলেও পুরোনো সমস্যাই যেন ফিরে এলো।
তবে পাকিস্তানের নতুন দলের মধ্যে আলো ছড়িয়েছেন অভিষেক হওয়া পেসার রাজাউল্লাহ। ৯ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ২১ বছর বয়সী এই পেসার। কিছুটা খরুচে হলেও তার ওয়াকার ইউনুসের মতো বোলিং অ্যাকশন ও কাঁচা গতি নজর কেড়েছে। নিয়মিত ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করেছেন তিনি। যার কারণে রাজারউল্লাহকে বলা হচ্ছে পাকিস্তানের পরবর্তী ওয়াকার ইউনুস।
ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও এমিলিও গের উইকেটও শিকার করেছেন রাজাউল্লাহ। নিজের প্রথম ওভারেই রুটকে ফিরিয়ে দেন তিনি। প্যাডে বল স্কিড করে যাওয়ায় এলবিডব্লিউ হন রুট। ১৩ ইনিংসে এটি রুটের ১০ম এলবিডব্লিউ আউট। এরপর গের হাঁটুতে আঘাত করে রাজারউল্লাহর একটি বল। পরে ঘণ্টায় ১৪৪ কিলোমিটার গতির বলে গের স্টাম্প উড়িয়ে দেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পর পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার রাজাউল্লাহর ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। তিনি বলেন, রাজাউল্লাহর বোলিং স্পেলটি আমার খুব ভালো লেগেছে। এটি পাকিস্তানকে এমন এক ভিন্ন মাত্রা এনে দিয়েছে যার কথা আমি বরাবরই বলে আসছিলাম। তার বোলিং জো রুটসহ ইংল্যান্ডের ব্যাটারদের মোকাবিলায় বাধ্য করেছে।
এজবাস্টনে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৩৩ রানে অলআউট হয়েছে পাকিস্তান। পাকিস্তানের ইনিংস ধসিয়ে দেন জশ টং। ৪২ রানে চার উইকেট নেন তিনি। অলি রবিনসন ও জোফরা আর্চার ভাগাভাগি করে নেন আরও ছয় উইকেট। সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পাকিস্তানের দলে বড় পরিবর্তন আনা হলেও তার প্রভাব দেখা যায়নি ব্যাটিংয়ে। জবাবে দিন শেষে ৪ উইকেটে ১৫৬ রান করেছে ইংল্যান্ড। এমিলিও গে ও হ্যারি ব্রুক দুজনেই অর্ধশতক তুলে নেন। চতুর্থ উইকেটে তাদের ১০৪ রানের জুটি ইংল্যান্ডকে এগিয়ে দেয়। দিন শেষে স্বাগতিকরা ২৩ রানে এগিয়ে।
সূত্র: এনডিটিভি