নিলামের সর্বোচ্চ ক্যাটাগরিতে তাসকিন

নিলামের মঞ্চে উঠতে যাচ্ছেন বাংলাদেশের চার ক্রিকেটার। তবে তাদের মধ্যে তাসকিন আহমেদের ভিত্তিমূল্যই সবচেয়ে বেশি। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) আসন্ন মৌসুমের নিলামে বাংলাদেশের চার ক্রিকেটার নিবন্ধন করেছেন। এরই মধ্যে তাদের ভিত্তিমূল্যের ক্যাটাগরিও প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

চার ক্রিকেটার হলেন- তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মেহেদী হাসান মিরাজ। তাদের মধ্যে তাসকিনই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার, যিনি সর্বোচ্চ ৮০ হাজার মার্কিন ডলার (প্রায় ৯৮ লাখ ৬০ হাজার টাকা) ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন।

এই ক্যাটাগরিতে তাসকিনের সঙ্গে আছেন বাবর আজম, ফাফ ডু প্লেসিস, ডেভিড উইলি, ফখর জামান, উসমান তারিক, জনি বেয়ারস্টো, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, আলজারি জোসেফ, টম ব্যান্টন, ক্রিস ওকস, অ্যালেক্স হেলস, নাসিম শাহ, শাহেবজাদা ফারহান, ফজলহক ফারুকি, দাসুন শানাকা ও ফিল সল্ট।

বাংলাদেশের আরেক পেসার শরিফুল ইসলাম রয়েছেন ৪০ হাজার মার্কিন ডলার (প্রায় ৪৯ লাখ ৩০ হাজার টাকা) ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। তার সঙ্গে একই ক্যাটাগরিতে আছেন জেইডেন সিলস, ইব্রাহিম জাদরান, শাদাব খান, তাবরাইজ শামসি, আভিশকা ফার্নান্দো, হাসান নওয়াজ, মাজ সাদাকাত, কুশল পেরেরা, ক্রিস গ্রিন, আন্দ্রে ফ্লেচার ও হুনাইন শাহ।

অন্যদিকে তানজিম হাসান সাকিব ও মেহেদী হাসান মিরাজ রয়েছেন ১০ হাজার মার্কিন ডলার (প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকা) ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।

এই ক্যাটাগরিতে তাদের সঙ্গে আছেন উইল স্মিড, লরকান টাকার, আসা ট্রাইব, শায়ান জাহাঙ্গীর, রিজা হেনড্রিকস, ইশ সোধি, জর্জ মানসি, ম্যাথু পটস ও বাস ডি লিড।