আজম খানের মৃত্যুর ভুয়া খবর, হাসতে হাসতে উড়িয়ে দিলেন তিনি

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়লো তার মৃত্যুর খবর। অথচ খবরটি পুরোপুরি ভুয়া। এমন গুজব ছড়ানোর পর পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার আজম খান যেভাবে প্রতিক্রিয়া জানালেন, তাতে হাসির খোরাকই হলো ঘটনাটি। বন্ধুদের সঙ্গে বসে সেই ভুয়া খবর দেখে হাসলেন, এরপর দিলেন ব্যঙ্গাত্মক জবাবও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আজম তার বন্ধুদের সঙ্গে বসে নিজের মৃত্যুর ভুয়া খবর নিয়ে হাসাহাসি করছেন। এরপর খবরটির প্রতিক্রিয়ায় ব্যঙ্গ করে তিনি বলেন, ‘সে ভালো খেলোয়াড় ছিল... বেচারা। একদিন তার পাকিস্তানের হয়ে খেলার কথা ছিল।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সেলেব্রেটি ব্যক্তিদের নিয়ে বানানো বা মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার সর্বশেষ উদাহরণ এটি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ও সম্পাদিত ক্লিপের বিস্তার বেড়ে যাওয়ায় সত্যিকারের খবর আর ভুয়া খবরের পার্থক্য করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। গত কয়েক মাসে পাকিস্তানের বেশ কয়েকজন তারকাকে নিয়ে একই ধরনের মিথ্যা মৃত্যুর খবর ছড়িয়েছে।

২৮ বছর বয়সী আজম সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছেন ২০২৪ সালের ৬ জুন। ডালাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটিই ছিল জাতীয় দলের হয়ে তার সর্বশেষ ম্যাচ। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে করেছেন ৮৮ রান।

জাতীয় দলের বাইরে অবশ্য ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই সক্রিয় আজম। ২০২৬ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলেছেন তিনি। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পিএসএলের প্রথম নিলামে ৩ কোটি ২৫ লাখ পাকিস্তানি রুপিতে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে রাওয়ালপিন্ডির বিপক্ষে ৭৪ রানের ইনিংসও খেলেছিলেন আজম। পরবর্তী পিএসএল মৌসুমের জন্যও আজমকে ধরে রেখেছে করাচি।