অস্ট্রেলিয়া সফর পর্যন্ত খেলতে চান মিসবাহ

.চলতি বছরের শেষে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফর পর্যন্ত খেলে যেতে চান পাক টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক। অস্ট্রেলিয়া সফর পর্যন্ত থাকার কথা জানালেও সেটা নিজের ফর্ম ও ফিটনেসের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন আগামী মাসে ৪২ বছরে পা রাখতে যাওয়া এই ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়া সফরের আগে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে চান মিসবাহ। সম্প্রতি কাঁধের ইনজুরি সেরে পাকিস্তান কাপে যোগ দিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে আসছে জুলাইয়ে টেস্ট সিরিজের আগে 'এ’ দলের হয়েও খেলবেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর অবসরের চিন্তা করেছিলেন তিনি। কিন্তু পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের অনুরোধে সিদ্ধান্ত বদলান। মিসবাহ বলেন, ‘আমি ভালো আছি। আশা করছি ইনজুরি আমার জন্য ইস্যু হয়ে দাঁড়াবে না। দুর্ভাগ্যক্রমে আমি কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পাইনি। তবে আমি আসন্ন ইংল্যান্ড সফরে খেলতে চাই। সেখানে ওয়ানডে কাপ, কন্ডিশনিং ক্যাম্প এবং ‘এ’ দলের সফর রয়েছে। তাই আমি এখন সামনের দিকেই নজর রাখছি। অলস হয়ে বসে থাকাটা আমার পক্ষে কঠিন। তাই ইংল্যান্ড সিরিজে খেলার জন্য আমি বদ্ধপরিকর।’

অবসরের বিষয়ে মিসবাহ বলেন, ;আমি মনে করি ফর্মে থাকা অবস্থায় একজন খেলোয়াড়ের বিদায় নেওয়া উচিৎ। মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা নিয়েই বিদায় নেওয়া উচিৎ।'

/এমআর/