এসএ টোয়েন্টির নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে জায়গা করে নেওয়া সহজ নয়। এবার সেই দরজা খুলে যেতে পারে বাংলাদেশের পেসার নাহিদ রানার সামনে। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ-টোয়েন্টির নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছেন রানা।

নাহিদ রানার জায়গা হয়েছে নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ১১ লাখ টাকা।

নিবন্ধনে ৭৮৯টি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে চূড়ান্ত প্লেয়ার অকশনের জন্য ১৫৬ জন ক্রিকেটারকে বাছাই করা হয়েছে। এই তালিকায় আছেন ৯৫ জন দক্ষিণ আফ্রিকান এবং বিদেশি ক্রিকেটার ৬১ জন।

এরই মধ্যে ১৯ সদস্যের পূর্ণ স্কোয়াড গঠন করে ফেলায় নিলামে অংশ নেবে না পার্ল রয়্যালস।

বাকি চার ফ্র্যাঞ্চাইজি- জোবার্গ সুপার কিংস, এমআই কেপ টাউন, প্রিটোরিয়া ক্যাপিটালস ও সানরাইজার্স ইস্টার্ন কেপ নিলামে অংশ নেবে। চার দল মিলিয়ে সর্বোচ্চ ১৯ জন ক্রিকেটার নিতে পারবে। তাদের সম্মিলিত বাজেট ২.১১ মিলিয়ন মার্কিন ডলার।

জোবার্গ সুপার কিংস ও এমআই কেপ টাউন সর্বোচ্চ ছয়জন করে ক্রিকেটার নিতে পারবে। প্রিটোরিয়া ক্যাপিটালস নিতে পারবে পাঁচজন এবং সানরাইজার্স ইস্টার্ন কেপ নিতে পারবে দুজন।

নিলামের বড় নামগুলোর মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এর আগে জোবার্গ সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়েও ব্যাট হাতে ভালো ফর্মে আছেন এই অভিজ্ঞ ব্যাটার। ইটিপিএলে ১৩৫ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ১৫১.৭।

নিলামে থাকা অন্য উল্লেখযোগ্য দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের মধ্যে আছেন রাসি ফন ডার ডুসেন, ভিয়ান মুল্ডার ও নান্দ্রে বার্গার।

বিদেশি ক্রিকেটারদের তালিকাতেও আছে বেশ কয়েকটি বড় নাম। কাইরন পোলার্ড, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, শামার জোসেফ, মোহাম্মদ নবী, মোহাম্মদ গজনফর, জর্ডান কক্স, অ্যানিউরিন ডোনাল্ড, রেহান আহমেদ, রিচার্ড গ্লিসন ও নাহিদ রানা রয়েছেন সেই তালিকায়।

বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন অবশ্য নিলামের আগেই টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছেন। তাকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এস-এ টোয়েন্টির নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর।