আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ শনিবার রাতে ওমান যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় আপাতত পিছিয়ে গেছে যুবাদের যাত্রা। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওমান ক্রিকেট একাডেমি মাঠে আগামী ১৩, ১৫, ১৮, ২০ ও ২৩ অক্টোবর আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি যুব ওয়ানডে খেলার কথা বাংলাদেশের। তবে সিরিজ শুরুর আগে ভিসা জটিলতায় সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বিসিবি জানিয়েছে, সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের জানিয়েছে, ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা। সেপ্টেম্বরের শুরুতে ভিসা প্রক্রিয়া শুরু হলেও সেটি এসিবির মাধ্যমে সমন্বয় করা হচ্ছে। ফলে ভিসা ইস্যুর বিষয়টি বিসিবির নিয়ন্ত্রণের বাইরে।
তবে সফরের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ দল। ভিসা পাওয়া মাত্রই প্রয়োজনীয় ভ্রমণের যাবতীয় বিষয় সম্পন্ন করা হবে বলে জানিয়েছে বিসিবি। গত বৃহস্পতিবার সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। ফরিদ হাসান ফয়সালকে দলের অধিনায়ক করা হয়েছে।