আবুধাবিতে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন চায়ের বিরতির আগ পর্যন্ত মোটামুটি ভালো অবস্থানে ছিল আফগানিস্তান। এই পুরো সেশনে বাংলাদেশ তাদের একটি উইকেট ফেলতে পেরেছিল। দ্বিতীয় সেশন শেষে আফগানদের প্রথম ইনিংসে স্কোর ছিল ২ উইকেটে ১৩১ রান। চায়ের বিরতির পর আবার খেলায় ফেরে বাংলাদেশ। পর পর তুলে নিয়েছে দুই উইকেট।
তৃতীয় সেশনের প্রথম ওভারেই আব্দুল মালিক ও রহমত শাহর ৭০ রানের জুটি ভাঙেন এবাদত হোসেন। ফেরান প্রান্ত আগলে খেলতে থাকা আব্দুল মালিককে। যিনি ৬২ রানে ব্যাট করছিলেন। পরের ওভারে আরেক নতুন ব্যাটার হাশমতউল্লাহ শহীদিকে (০) লিটন দাসের গ্লাভসবন্দি করান মেহেদী হাসান মিরাজ। তাতে বাংলাদেশ আফগানদের ওপর চাপ সৃষ্টি করার সুযোগ পেয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে আফগানদের স্কোর ছিল প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৬২ রান। তারা এখনও ১৮৪ রানে পিছিয়ে। রহমত শাহ ৪৯ রানে ব্যাট করছেন, ইকরাম আলিখিল তাকে সঙ্গ দিচ্ছেন ১২ রানে।
প্রথম সেশনে একটি উইকেট নেন হাসান মাহমুদ। সাজঘরে পাঠান সেদিকুল্লাহ অটলকে (১৭)। তার পর দ্বিতীয় সেশনে একটি উইকেট নেন এবাদত। তার শিকার হন শহিদুল্লাহ (২০)।