উইকেট নিয়েই স্যালুট, এবাদতের উদযাপনের পেছনে যে গল্প

উইকেট পেয়েই সোজা দাঁড়িয়ে স্যালুট। মাঠে এবাদত হোসেনের এই উদযাপন নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের। আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনও উইকেট নিয়ে স্যালুট দিয়ে উদযাপন করেছেন তিনি। এবার সেই উদ্‌যাপনের পেছনের কারণওটিও জানুন। 

২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ঐতিহাসিক দিবারাত্রির টেস্টের সময়ও রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট নিয়ে ওই রকম উদযাপনের কারণ জানিয়েছিলেন তিনি। বাংলাদেশের বিমান বাহিনীর সঙ্গে যুক্ত এই পেসার জানিয়েছিলেন, তার উদযাপন মূলত বাহিনীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ থেকেই।

তখন হিন্দুস্তান টাইমসকে তিনি বলেছিলেন, ‘আমি বাংলাদেশ বিমান বাহিনীতে কাজ করি। আমার স্যালুট তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। প্রায় সাড়ে পাঁচ বছর ধরে আমি বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে যুক্ত আছি। তাঁরা আমাকে যে দায়িত্বই দেন, তা পালন করতে পেরে এখনো আমি গর্বিত,’ 

তবে এই উদযাপনের প্রেরণা শেলডন কটরেলের কাছ থেকে পাননি এবাদত। ওয়েস্ট ইন্ডিয়ান পেসারও একইভাবে স্যালুট দিয়ে উইকেট উদযাপন করেন। কীভাবে এবাদতের স্যালুট উদ্‌যাপনের শুরু, সেটিও তখন জানিয়েছিলেন ডানহাতি এই পেসার, ‘আগে উইকেট পাওয়ার পর আমার নির্দিষ্ট কোনো উদ্‌যাপন ছিল না। তবে একটি প্রথম শ্রেণির ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ আমাকে বলেছিলেন, যেহেতু আমি বিমান বাহিনীর সদস্য, তাই প্রতিবার উইকেট পেলেই যেন স্যালুট দেই। তিনি বলেছিলেন, এতে আমার নিজস্ব পরিচিতি তৈরি হবে।’