‘গিলক্রিস্ট’কে নিয়ে কেন এত আলোচনা

অ্যাডাম গিলক্রিস্ট আবারও আলোচনায়। তবে এবার অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার নন, খবরের শিরোনামে পাকিস্তানের ১৭ বছর বয়সী এক কিশোর। নাম তারও অ্যাডাম গিলক্রিস্ট। বিখ্যাত নামের সঙ্গে মিলের পাশাপাশি বাঁহাতি ব্যাটিংয়েও অস্ট্রেলিয়ান কিংবদন্তির সঙ্গে মিল রয়েছে তার।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনূর্ধ্ব-১৭ ট্যালেন্ট হান্ট স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সেঞ্চুরি করেছেন এই কিশোর। ১০৮ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তার ব্যাটে ভর করেই বড় জয় পেয়েছে কামরান পাবলিক স্কুল। করাচির হ্যাপি প্যালেস গ্রামার স্কুলকে তারা হারিয়েছে ১৭২ রানের বিশাল ব্যবধানে।

দলের মোট রানের প্রায় ৪০ শতাংশই এসেছে গিলক্রিস্টের ব্যাট থেকে। বয়সভিত্তিক ক্রিকেটে তার এই ইনিংস তাই আলাদা করে নজর কেড়েছে।

পিসিবির এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১০০টিরও বেশি জেলার এক হাজার ২০০টির বেশি স্কুল। অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ পর্যায়ের ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি পেশাদার ক্রিকেটে পা রাখার সুযোগ করে দেওয়াই এই আয়োজনের লক্ষ্য।

গিলক্রিস্ট নামটি অবশ্য কাকতালীয় নয়। তার মা নাম রেখেছিলেন অ্যাডাম। ক্রিকেটপ্রেমী বাবা সেই নামের সঙ্গে যোগ করেন গিলক্রিস্ট। ফলে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে নামের মিল তৈরি হয় পাকিস্তানের এই কিশোরের।