বাংলাদেশের জয়ের পথে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন সেদিকুল্লাহ

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সামনে একমাত্র টেস্টে জয়ের জন্য লক্ষ্য ৪৭৯ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারালেও হাল ছাড়েনি তারা। শেষ দিনে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন সেদিকুল্লাহ অটল। তার দৃঢ়তায় একমাত্র টেস্টের লড়াই গড়িয়েছে শেষ সেশনে।

মঙ্গলবার শেষ দিনের চা-বিরতিতে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৬৫ রান। বাঁহাতি ওপেনার সেদিকুল্লাহ ২৯৯ বল খেলে ১০৫ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করে এখনো ড্রয়ের আশা বাঁচিয়ে রেখেছেন তিনি। 

সোমবার আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে মঙ্গলবার দিনের প্রথম সেশনে একটি এবং চা-বিরতির আগে আরও দুটি উইকেট হারিয়েছে আফগান দল। তবে ধৈর্য ও দৃঢ়তায় বাংলাদেশের বোলারদের চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছেন সেদিকুল্লাহ।

শেষ দিনে আউট হয়েছেন ইকরাম আলিখিল (৩৩), ইসমত আলম (৪) ও হাশমতউল্লাহ শহীদি (৩৬)। প্রথম সেশনে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার পর আবার ব্যাটিংয়ে ফিরেছিলেন শহীদি। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দ্বিতীয় সেশনে চায়ের বিরতির আগে মিরাজের শিকার হন ৩৬ রানে। 

বাংলাদেশের হয়ে এই তিন উইকেটের দুটিই নিয়েছেন এবাদত হোসেন। অন্য উইকেটটি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।