আল-আমিনের পথ ধরে এবার লেকক, এক ওভারে পাঁচ উইকেটের কীর্তি

এক ওভারে পাঁচ উইকেট! টি-টোয়েন্টি ক্রিকেটে এমন কীর্তি যে কতটা বিরল, তা বলাই বাহুল্য। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টিতে এবার সেই অবিশ্বাস্য কীর্তি গড়েছেন চ্যাড লেকক। মঙ্গলবার পিটারমারিৎসবার্গে সিএসএ প্রো-টোয়েন্টি কাপে টাইটানসের বিপক্ষে কেজেডএন ইনল্যান্ডের হয়ে এক ওভারে পাঁচ ব্যাটারকে ফিরিয়ে ইতিহাস গড়েছেন এই বোলার।

লেকক ম্যাচে ক্যারিয়ারসেরা ২৬ রানে ৬ উইকেট নিয়েছেন। এর মধ্যে রয়েছে টানা চার বলে চার উইকেট নেওয়ার কীর্তিও, যা দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড। পূর্ণ সদস্য দেশগুলোর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে লাসিথ মালিঙ্গা, রশিদ খান, কার্টিস ক্যামফার ও জেসন হোল্ডার টানা চার বলে চার উইকেট নিয়েছেন।

সিএসএ প্রো-টোয়েন্টি কাপের ইতিহাসেও সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন লেকক। ২০১৪ সালে বেউরান হেনড্রিকসের ২৯ রানে ৬ উইকেট নেওয়ার রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি।

টাইটানসের ইনিংসের ১৯তম ওভারেই আসে সেই অবিশ্বাস্য মুহূর্ত। প্রথম বলে লেউস ডু প্লয়িকে ফিরিয়ে শুরু করেন লেকক। এরপর টানা চার বলে সাজঘরে পাঠান দাইয়ান গালিয়েম, আফিউয়ে মান্দা, জানকো স্মিট ও এসোসা আইহেভবাকে। ওই ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৩ রানে ৪ উইকেট থেকে ২০৪ রানে অলআউট হয়ে যায় টাইটানস।

এর আগে নবম ওভারেও দলকে সাফল্য এনে দিয়েছিলেন লেকক। ৩৬ বলে ৮১ রান করা লুয়ান-দ্রে প্রিটোরিয়াসকে ফিরিয়ে টাইটানসের ১১২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।

অথচ লেককের রেকর্ডগড়া বোলিংয়েও জয় পায়নি কেজেডএন ইনল্যান্ড। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা ৬ উইকেটে ১৮৩ রানেই থামে। ব্যাট হাতে লেকক অপরাজিত ছিলেন ৩১ রানে। এই জয়ে প্রতিযোগিতায় টানা ছয় ম্যাচ অপরাজিত থাকল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা টাইটানস।

পুরুষদের টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া বোলারদের তালিকায় লেকক চতুর্থ। তার আগে এই কীর্তি গড়েছেন বাংলাদেশের আল-আমিন হোসেন, ভারতের অভিমন্যু মিথুন ও ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা।

প্রিয়ান্দানা একমাত্র বোলার, যিনি নারী-পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছেন। ২০২৫ সালের ডিসেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।

২০১৩-১৪ বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন আল-আমিন। আর ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলী ট্রফির ২০১৯-২০ মৌসুমে কর্ণাটকের হয়ে হরিয়ানার বিপক্ষে সেমিফাইনালে একই কীর্তি গড়েছিলেন মিথুন।