বাংলাদেশ দল নিয়ে ইমরুলের স্ট্যাটাস ঘিরে আলোচনা

জাতীয় দলের একাদশ নির্বাচনে যোগ্যতা ও পারফরম্যান্সের বাইরে অন্য কোনও বিষয়কে প্রাধান্য দেওয়া উচিত নয়-এমন বার্তাই দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। তার মতে, জাতীয় দল নির্বাচন হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে। আবেগ কিংবা পক্ষপাতিত্বের জায়গা সেখানে থাকা উচিত নয়। সংযুক্ত আরব আমিরাতে চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের কঠিন পরিস্থিতির মধ্যে ইমরুলের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

ফেসবুকে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে ইমরুল বুধবার লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ক্রিকেট বোর্ডের উচিত যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সেরা একাদশ নির্বাচন করা। ক্রিকেট একটি গোটা জাতির প্রতিনিধিত্ব করে। তাই জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে আবেগের বশবর্তী হওয়া কিংবা পক্ষপাতিত্বের কোনো জায়গা থাকা উচিত নয়।’

ইমরুলের বক্তব্যের শেষাংশ আরও স্পষ্ট। তার ভাষায়, ‘যথেষ্ট হয়েছে। এবার যোগ্যতা, ন্যায্যতা ও দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার সময় এসেছে।’