সাইফ-পারভেজের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। শুরুর ধাক্কার পর দলকে কক্ষপথে ফেরাতে ভূমিকা রাখছেন পারভেজ হোসেন ও ওপেনার সাইফ হাসান। পঞ্চম উইকেটে তাদের পঞ্চাশ ছাড়ানো জুটিতে স্কোর একশ ছাড়িয়েছে বাংলাদেশ। রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ছিল ২৭ ওভারে ৪ উইকেটে ১০৭। সাইফ ব্যাট করছেন ৩৭ রানে। পারভেজ ৪১ রানে। 

ফাইনালে যেতে ম্যাচে নানা সমীকরণ মিলিয়ে জিততে হবে বাংলাদেশকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতে টস জিতে ব্যাট করতে নামলেও পাওয়ার প্লের মধ্যে হারিয়ে বসে ৪ উইকেট। 

দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানেন পেসার ইয়ামিন আহমদজাই। তার আঘাতে শুরুতে গ্লাভসবন্দি হন তানজিদ হাসান (১)। পরের বলে সৌম্য সরকারকে শূন্য রানে বোল্ড করেন তিনি। তার পর কিছুক্ষণ ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি তার ইনিংস। ১৫ রানে আজমতউল্লাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলে আবার বিপদে পড়ে বাংলাদেশ। একই ওভারের শেষ বলে এবার আজমতউল্লাহর শিকার হন অধিনায়ক তাওহীদ হৃদয় (০)। ফিরতি ক্যাচ দিয়ে ফিরলে শুরুর দশ ওভারেই ভীষণ চাপে পড়ে যায় বাংলাদেশ। তার পরই হাল ধরেন পারভেজ হোসেন ও ওপেনার সাইফ।