এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। নারাইনদের ঘূর্ণিতে ব্যাটসম্যানরা চাপে ছিল। ওপেনার মুরালি বিজয় ও শন মার্শ ছাড়া বাকিরা কিছু করতে পারেননি। বিজয় ২২ বলে ২৬ রান করে বিদায় নেন।
ওয়ানডাউনে মাঠে নামা মার্শ ৫৬ রানে অপরাজিত থেকেছেন। ৪১ বলে ৫টি চার ও একটি ছক্কায় এই স্কোর করেন তিনি। শেষের দিকে ব্যাট করতে নেমে ৬ বলে ১২ রান করেছেন অ্যাবোট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে পাঞ্জাব।
বোলারদের মধ্যে সবচেয়ে সফল সুনীল নারাইন। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন তিনি। মরকেলও চার ওভারে দুটি উইকেট পেয়েছেন। কিন্তু রান দিয়েছেন ২৭। বাংলাদেশের অল রাউন্ডার সাকিব ৪ ওভারে ২৮ রান দিলেও কোনও উইকেট শিকার করতে পারেননি। শেষ ওভার করতে আসা আন্দ্রে রাসেল এক ওভারেই ১৮ রান দিয়েছেন। ইউসুফ পাঠান এক ওভারে ৬ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। আর চাওলা তিন ওভারে ১৮ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট।
১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেন কলকাতার দুই ওপেনার রবি উত্থাপা ও গৌতম গম্ভীর। ৮.৩ ওভারে উদ্বোধনী জুটিতে আসে ৮২ রান। ২৮ বলে ৫৩ রান করে আউট হন উত্থাপা। ৩৪ রান করে সাজঘরে ফেরেন গম্ভীর। এরপর মনিশ পান্ডের ১২, সাকিবের ১১ ও ইউসুফ পাঠানের অপরাজিত ১২ রানের ইনিংসে ১৭.১ ওভারে ৪ উইটে হারিয়ে জয় তুলে নেয় কলকাতা।
/এমআর/