নেপালে কোন মিশনে গেলেন সাকিব

আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা আর ফ্র্যাঞ্চাইজি লিগের ঝুলিতে থাকা নানা অর্জন নিয়ে নতুন মিশনে এবার সাকিব আল হাসান। বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার রবিবার নেপালে পৌঁছেছেন। সেখানে নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলবেন তিনি। সোমবার শুরু হতে যাওয়া টুর্নামেন্টে সাকিবের অংশগ্রহণ বাড়িয়ে দিয়েছে প্রতিযোগিতাটির আকর্ষণ।

৩৯ বছর বয়সী সাকিবকে বিদেশি ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। পুরো প্রতিযোগিতায় দলের হয়ে খেলার কথা রয়েছে তার। আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখ সাকিবের আগমনে এনপিএলের এবারের আসরও পেয়েছে বাড়তি তারকাখ্যাতি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিবের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের মতো দলে খেলেছেন তিনি। পাকিস্তান সুপার লিগসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও খেলেছেন বাংলাদেশের এই তারকা।

সাকিবের ক্যারিয়ারের স্মরণীয় অধ্যায় ২০১৯ সালের ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ। সেই আসরে মাত্র আট ম্যাচে ৬০৬ রান করার পাশাপাশি নিয়েছেন ১১ উইকেট। এক ওয়ানডে বিশ্বকাপে ৬০০-এর বেশি রান এবং অন্তত ১০ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার হওয়ার কীর্তিও গড়েন তিনি।