ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা ছিল না তার। ৪৫ বছর বয়সেও মাঠে থাকার স্বপ্ন দেখছিলেন জেমস অ্যান্ডারসন। কিন্তু সেই স্বপ্নে ধাক্কা দিয়েছে ল্যাঙ্কাশায়ার। ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসারকে নতুন চুক্তির প্রস্তাব দিচ্ছে না কাউন্টি ক্লাবটি। সিদ্ধান্তে হতাশ অ্যান্ডারসনও জানিয়ে দিয়েছেন, ব্যাপারটা তার হাতে থাকলে বিদায়টা এমন হতো না। তবে ক্লাবের সিদ্ধান্তের পরও নিজের বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের ইতি টানার ঘোষণা দেননি তিনি। তাতে ল্যাঙ্কাশায়ারের সঙ্গে জেমস অ্যান্ডারসনের ২৫ বছরের খেলোয়াড়ি অধ্যায়ের সমাপ্তি ঘটছে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে।
ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়া অ্যান্ডারসনকে গত সোমবার জানিয়ে দেওয়া হয়, ২০২৭ মৌসুমের জন্য তার সঙ্গে চুক্তি নবায়ন করবে না ল্যাঙ্কাশায়ার। ২০০১ সালে এই কাউন্টির হয়েই খেলোয়াড়ি জীবনের পথচলা শুরু করেছিলেন তিনি।
এরপর প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ৪৪ বছর বয়সী এই পেসার। রবিবার ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সিদ্ধান্তটা যদি আমার হাতে থাকতো, তাহলে এভাবে শেষ হতো না। তবে ভবিষ্যতের জন্য খেলোয়াড় ও সমর্থকদের শুভকামনা জানাই।’
আগামী বছর ৪৫ এ পা দিলেও ২০২৭ সালের গ্রীষ্মে খেলার পরিকল্পনা ছিল অ্যান্ডারসনের। ওল্ড ট্র্যাফোর্ডে তার বিদায়ের খবর প্রকাশের পর বিবিসি স্পোর্ট জানতে পেরেছে, অন্য কয়েকটি কাউন্টি তাকে দলে নিতে আগ্রহী।
অ্যান্ডারসনের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের দিনই তার বিদায় নিয়ে প্রথম আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ল্যাঙ্কাশায়ার। কেন তাকে নতুন চুক্তি দেওয়া হচ্ছে না, তার ব্যাখ্যাও দিয়েছে তারা।
গত মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে পয়েন্ট তালিকার নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল ল্যাঙ্কাশায়ার। এরপর ক্লাবটির নতুন প্রধান নির্বাহী হিসেবে রিচার্ড কেনিয়ন এবং ক্রিকেট পরিচালক হিসেবে পল ফারব্রেস দায়িত্ব নিয়েছেন।
ফারব্রেস জানিয়েছেন, দলকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা করছে ল্যাঙ্কাশায়ার। আগামী তিন থেকে চার বছরের মধ্যে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগ থেকে উন্নীত হয়ে প্রথম বিভাগে শিরোপার জন্য লড়াই করাই তাদের লক্ষ্য। সেই সময় অ্যান্ডারসনের বয়স হবে আরও বেশি।
ফারব্রেস বলেছেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগ থেকে উন্নীত হওয়ার মতো এবং পরবর্তী তিন থেকে চার বছরের মধ্যে প্রথম বিভাগে শিরোপার জন্য লড়াই করতে সক্ষম-এমন একটি পুরুষ দল গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আমি জিমির সঙ্গে কথা বলেছি।’
তিনি আরও বলেছেন, ‘দল এবং সামগ্রিক পেশাদার ক্রিকেট কাঠামোর ক্ষেত্রে আমরা এখনই পুনর্গঠন শুরু করতে চাই। আগামী কয়েক মাসে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করাও আমাদের লক্ষ্য। এই পরিকল্পনার অংশ হিসেবেই জিমিকে জানিয়েছি, ২০২৭ মৌসুমের জন্য তার চুক্তি নবায়ন না করার অত্যন্ত কঠিন সিদ্ধান্ত আমরা নিয়েছি।’
ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে অ্যান্ডারসনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে অন্য কাউন্টিগুলোর আগ্রহ থাকায় তার ক্রিকেটজীবন এখানেই শেষ হচ্ছে কি না, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি।