ডি থ্রির নিলামে শরিফুলকে নিয়ে কাড়াকাড়ি!

টাকার অঙ্কে নয়, ক্রিকেটার বাছাইয়ের লড়াইটা হয়েছে পয়েন্টের হিসাবে। তবে তাতে আগ্রহের কমতি ছিল না। ঘরোয়া ক্রিকেটের তিন সংস্করণ নিয়ে নতুন প্রতিযোগিতা ডি থ্রির নিলামে সবচেয়ে বেশি চাহিদা ছিল বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। তাকে পেতে সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্ট খরচ করেছে সিটিজেন ব্যাংক। দুই কোটির বেশি পয়েন্টে দল পেয়েছেন তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিমও।

সোমবার সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিলাম পরিচালনা করেন ভারতের জনপ্রিয় উপস্থাপক চারু শর্মা। ক্রিকেটারদের পারিশ্রমিক আগে থেকেই নির্ধারিত থাকায় প্রচলিত প্লেয়ার্স ড্রাফটের বদলে এবার পয়েন্টভিত্তিক পদ্ধতি বেছে নিয়েছে আয়োজকেরা। ছয়টি করপোরেট দল প্রত্যেকে পেয়েছে ১০ কোটি পয়েন্টের বাজেট। এই বরাদ্দের মধ্যেই প্রতিটি দলকে ২২ জন ক্রিকেটার বেছে নিতে হবে। পয়েন্টের অঙ্কটি খেলোয়াড়দের প্রকৃত পারিশ্রমিক নয়।

শরিফুলের পর ‘এ’ ক্যাটাগরিতে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন তাসকিন ও তানজিদ। ডানহাতি পেসার তাসকিনকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে নিয়েছে ওয়ালটন। আর ওপেনার তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে দলে ভিড়িয়েছে ফরচুন গ্রুপ।

জাতীয় দলের আরেক ব্যাটার সাইফ হাসানের জন্যও বড় অঙ্কের পয়েন্ট খরচ করেছে সেভেন রিংস সিমেন্ট। তাকে নিতে দলটির ব্যয় হয়েছে ১ কোটি ৯৫ লাখ পয়েন্ট। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১ কোটি ৮০ লাখ পয়েন্টে গেছেন ফরচুন গ্রুপে। সাদা বলের অধিনায়ক লিটন দাসকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে নিয়েছে ওয়ালটন।

ডি থ্রির প্রথম আসর শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে। ছয় দলের এই প্রতিযোগিতায় থাকবে টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ম্যাচ। ফলে একই টুর্নামেন্টে তিন সংস্করণের ক্রিকেটে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাবেন খেলোয়াড়েরা।

‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে ফরচুন গ্রুপে রয়েছেন তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। ওয়ালটনের দলে আছেন মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, লিটন দাস ও তাসকিন আহমেদ।

ব্লু স্টার নিয়েছে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, নাহিদ রানা ও এনামুল হক বিজয়কে। সেভেন রিংস সিমেন্টের দলে রয়েছেন মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। একমি গ্রুপের হয়ে খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর সিটিজেন ব্যাংকের স্কোয়াডে রয়েছেন নাঈম শেখ, সাইফ হাসান, জাকের আলী, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

নিলামে ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩০ লাখ পয়েন্ট, ‘বি’ ক্যাটাগরির ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরির ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরির ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ৫ লাখ পয়েন্ট। অর্থাৎ, ক্যাটাগরিভেদে ভিত্তিমূল্য নির্ধারণ করেই দলগুলোকে নিজেদের বাজেটের মধ্যে স্কোয়াড সাজাতে হচ্ছে।

ডি থ্রিতে অংশ নিচ্ছে ছয়টি করপোরেট প্রতিষ্ঠান। এইচ ব্লুস্টার, ওয়ালটন গ্রুপ, সিটিজেনস ব্যাংক, একমি গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট ও ফরচুন গ্রুপ। নিলামের আগেই প্রতিটি দল তাদের আইকন ক্রিকেটার নির্বাচন করেছে। ওয়ালটনের আইকন মেহেদী হাসান মিরাজ, ফরচুনের তাওহীদ হৃদয়, একমি গ্রুপের মোসাদ্দেক হোসেন সৈকত, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, ব্লু স্টারের নুরুল হাসান সোহান এবং সিটিজেনস ব্যাংকের নাঈম শেখ।