ব্যাট হাতে যেন ঝড় তুললেন অভি
ষেক শর্মা! মাত্র ৩৫ বলে সেঞ্চুরি, শেষ পর্যন্ত ৩৮ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস। তার ব্যাটিং তাণ্ডবে ১৯৯ রানের লক্ষ্যও ভারতের কাছে হয়ে উঠলো মামুলি। নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে নিশ্চিত করেছে ভারত।
মঙ্গলবার ওয়েলিংটনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ৩ উইকেটে ১৯৮ রান। জবাবে অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৩.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
অভিষেকের ১১৩ রানের ইনিংসটি সাজানো ছিল ১১টি ছক্কা ও ৯টি চারে। তার সঙ্গে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীও শুরু থেকেই ঝড় তোলেন। জ্যাকব ডাফির করা প্রথম ওভারেই ২৬ রান তুলে নেন দুজন। দ্বিতীয় ওভারে আসে ১৭, তৃতীয় ওভারে ২১। মাত্র তিন ওভারেই বিনা উইকেটে ভারতের রান দাঁড়ায় ৬৪।
এরপরও থামেনি তাণ্ডব। চতুর্থ ওভারে ২০, পঞ্চম ওভারে ১৬ এবং ষষ্ঠ ওভারে ১৮ রান তোলে ভারত। পাওয়ার প্লে তেই বিনা উইকেটে করে ১১৮! যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। পাওয়ার প্লেতে আগের রেকর্ডটি ছিল রোমানিয়ার। সার্বিয়ার বিপক্ষে ১১৬ রান তুলেছিল তারা। এই বিধ্বংসী ব্যাটিংয়ের পথে মাত্র ১৫ বলে নিজের ফিফটি পূর্ণ করেন অভিষেক।
অষ্টম ওভারে অবশেষে উইকেটের দেখা পায় নিউজিল্যান্ড। ম্যাথু ফিশারের বলে আউট হন সূর্যবংশী। ১৯ বলে ৪৫ রান করে ফেরেন এই তরুণ, তার ইনিংসে ছিল চারটি ছক্কা ও চারটি চার। তাতেও ভারতের রানের গতি কমেনি। ওই ওভারেই সাঞ্জু স্যামসনের সঙ্গে ব্যাট করতে নেমে অভিষেক মারেন দুটি ছক্কা ও একটি চার। আট ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১৫৬।
নবম ওভারটি তুলনামূলক ধীরস্থির গেলেও পরের ওভারেই আবার আগুন ঝরান অভিষেক। কাইল জেমিসনের বলে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। পরের ওভারেও দুটি চার ও একটি ছক্কা মারেন। শেষ পর্যন্ত জেমিসনের বলেই থামে তাঁর ইনিংস। ৩৮ বলে ১১৩ রান করে ফেরেন অভিষেক। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কার মার!
দশ ওভার শেষে ভারতের স্কোর ছিল ১৭৮/২। জয় তখন প্রায় নিশ্চিত। যদিও শেষ দিকে শ্রেয়াস আইয়ার (৫) ও স্যামসন (১৮) আউট হওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়ে ভারত। শেষ পর্যন্ত ১৩.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
নিউজিল্যান্ডের বোলারদের জন্য দিনটি ছিল দুঃস্বপ্নের মতো। কেউই ওভারপ্রতি ১২ রানের কম খরচ করেননি। জেমিসন দুটি উইকেট নেন। ফিশার ও মিচেল স্যান্টনার পান একটি করে উইকেট।
এর আগে ড্যারিল মিচেলের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পায় নিউজিল্যান্ড। ৫২ বলে ৮৯* রানের ঝলমলে ইনিংস খেলেন মিচেল। ২৩ বলে ৩৯* রান করেন বেভন জ্যাকবস। চতুর্থ উইকেটে এই দুজনের ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি স্বাগতিকদের স্কোর নিয়ে যায় ১৯৮ রানে।
ভারতের হয়ে আরশদীপ সিং, অক্ষর প্যাটেল ও নীতিশ কুমার রেড্ডি একটি করে উইকেট নেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরও উইকেটের দেখা পাননি অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার।