১৪২ রানেই শেষ বাংলাদেশের ইনিংস

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ের মুখে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা নাঈম হাসানের ফিফটিতে ভর করে ১৪২ রান তুলেই অলআউট হয়েছে। 

সকাল থেকে একপ্রান্তে একের পর এক উইকেট পড়লেও অবিচল ছিলেন নাঈম হাসান। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে দাঁড়িয়ে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন এই অফ স্পিনার। ৯১ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হতেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। 

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিন বাংলাদেশ ৬ উইকেটে ৭৯ রান নিয়ে খেলা শুরু করেছিল। তার পর শুরুতে শেষ স্বীকৃত ব্যাটার জাকের আলীকে হারায় বাংলাদেশ। আগের দিন মুমিনুল হকের কনকাশন বদলি হিসেবে খেলতে নামা জাকের প্রথম ওভারেই জোমেল ওয়ারিকানের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। ৩৪ বলে ২২ রান করেন তিনি।

এরপর ওয়ারিকানের শিকার হন হাসান মাহমুদ। ৩১ বলে ৮ রান করা এই পেসার এলবিডাব্লিউ হয়ে ফেরেন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ একইভাবে তাইজুল ইসলামকে ফিরিয়ে বাংলাদেশের নবম উইকেট তুলে নেন। তাইজুলের ব্যাট থেকে আসে ১৬ বলে ৮ রান।

তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান নাঈম। ছোট ছোট জুটি গড়ে দলের সংগ্রহ বাড়ানোর পাশাপাশি নিজের ইনিংসটিও বড় করেন তিনি। অবশ্য দুবার জীবন পেয়েছেন এই ব্যাটার। ২১ ও ২৯ রানে তার ক্যাচ ছাড়েন ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে টেস্টে নিজের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ গড়েছেন নাঈম।

তার পর বৃষ্টি নামলে কিছুক্ষণ বন্ধও থাকে খেলা। বৃষ্টি বিরতির পর খেলা শুরু হলে ২.৪ ওভারের মতো টিকতে পারে বাংলাদেশ। নাঈম হাসান এই সময় লিড বাড়িয়ে নিতে অবদান রাখেন। শেষ পর্যন্ত অবশ্য চেজের বলে বিশপকে ক্যাচ দিয়ে ফেরেন। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ৫ উইকেট নেন রোস্টন চেজ। ৬৩ রানে ৪টি নেন জোমেল ওয়ারিকান। একটি নিয়েছেন শামার জোসেফ।