উইকেটের দেখা নেই, ৮৩ রান দূরে ওয়েস্ট ইন্ডিজ

মিরপুর টেস্টে বাংলাদেশের লড়াই ক্রমেই কঠিন হয়ে উঠছে। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ১৭.৪ ওভারের খেলা হলেও উইকেটের দেখা পেলেন না বোলাররা। জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে বিনা উইকেটে ৮৭ রান তুলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। আরেক দফা বজ্রপাতে খেলা বন্ধ হওয়ার আগে তারা জয় থেকে মাত্র ৮৩ রান দূরে রয়েছে।

জন ক্যাম্পবেল ৪৫ বলে ৩৯ এবং ব্র্যান্ডন কিং ৬২ বলে ৪০ রানে অপরাজিত আছেন। প্রথম উইকেটে ১০৬ বলে ৮৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে চাপে ফেলেছেন দুই ওপেনার।

এক দফা আলোর স্বল্পতায় খেলা বন্ধ থাকার পর সূর্যের আলো ফিরলেও তা বেশিক্ষণ চালানো যায়নি। দূরে বজ্রপাতের ঝলকানি শুরু হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুই আম্পায়ার খেলোয়াড়দের মাঠ থেকে তুলে নেন। এ সময় স্টেডিয়ামের ফ্লাডলাইটও জ্বালানো হয়।

বাংলাদেশের স্পিনাররা এখন পর্যন্ত ক্যারিবীয় ওপেনিং জুটি ভাঙতে পারেননি। তাইজুল ইসলাম ৮ ওভারে ২৪ রান দিয়েছেন, নাঈম হাসান ৪.৪ ওভারে খরচ করেছেন ২৪ রান। মেহেদী হাসান মিরাজও ৫ ওভার বল করে ২৬ রান দিয়েছেন।